জেনেলিয়ার সঙ্গে রিতেশও গর্ভবতী!
মিস্টার মাম্মিতে দেখা যাবে এমন আজব ঘটনা।
স্ত্রী জেনেলিয়া ডি সুজার সঙ্গে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখও গর্ভধারণ করেছেন; ঘটনা সত্য, তবে তা সিনেমার পর্দায়। ‘মিস্টার মাম্মি’ সিনেমার ট্রেইলার এবং পোস্টারে এমন ঘটনারই ঝলক দেখা গেছে, যা তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া।
নির্মাতারা ‘মিস্টার মামি’র পোস্টার প্রকাশের পরপরই কৌতূহলের জন্ম নেয় দর্শকমনে। ট্রেইলারে দেখা যায়, কেউ বুঝে উঠতে পারছে না কেন রিতেশ গর্ভবতী হলেন?
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সিনেমার ট্রেইলারে দেখা গেছে, ডাক্তরের কাছে ছুটছেন রিতেশ। গিয়ে জানান, তার স্ত্রী জেনেলিয়া আর তিনি একইরকম কিছু লক্ষণ অনুভব করছেন নিজেদের শরীরে।
পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসক নিশ্চিত হন রিতেশের গর্ভে সন্তান এসেছে। খবরটা জানাতেই হুলস্থুল বাঁধিয়ে দেন রিতেশ। তাহলে কি তিনি, আর তিনি আর স্ত্রী কি একসঙ্গে সন্তান জন্ম দেবেন! এমন সব প্রশ্নে স্ত্রী এবং চিকিৎসককে ব্যতিব্যস্ত করে তোলেন রিতেশ।
ধীরে ধীরে রিতেশের শরীরে গর্ভধারণের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। যেখানেই যান, বিড়ম্বনার শিকার হতে হয় তাকে। এমনকি রিতেশের এমন খবর জানতে তার বাড়িতে ধাওয়া করেন সংবাদকর্মীরা।
কিন্তু রিতেশ শেষমেশ সন্তান প্রসব করবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পর্যন্ত।
সিনেমায় চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন মহেশ মাঞ্জরেকার। শাদ আলী পরিচালিত ‘মিস্টার মাম্মি’ মুক্তি পাবে ১১ নভেমম্বর। এই সিনেমাটি দিয়ে দীর্ঘ ১০ বছর পর বড় পর্দায় ফিরছেন রিতেশ।
রিতেশের পরিচালনায় মারাঠি সিনেমা ‘বেদ’ আসতে চলছে। ‘বেদ’ মুক্তি পাবে ৩০ ডিসেম্বর।
