Published : 23 Sep 2025, 07:20 PM
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করে চির বিদায় জানানো হল ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গকে।
মৃত্যুর পাঁচ দিন পর মঙ্গলবার আসামের সোনাপুরের কামারকুচি গ্রামে দশ বিঘা জমির ওপর এই শেষকৃত্য হয়।
এনডিটিভি লিখেছে, চন্দনকাঠ দিয়ে তৈরি করা হয় জুবিন গার্গের অন্তিম শয্যা। স্বামীর শেষযাত্রায় একমুহূর্তও পাশ থেকে সরেননি স্ত্রী গরিমা সাইকার গার্গ।
জুবিনের মুখাগ্নি করেন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন গায়কের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল।
পরিবারের অন্যান্য সদস্য, ঘনিষ্ঠজন ছাড়াও হাজারো ভক্ত অন্ত্যেষ্টিক্রিয়ার মুহূর্তে উপস্থিত ছিলেন।

৫২ বছর বয়সী জুবিন গার্গ গত শুক্রবার সিঙ্গাপুরে মারা যান। স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পী।
রোববার শিল্পীর মরদেহ সিঙ্গাপুর থেকে এসে পৌঁছায় গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেদিন প্রিয় শিল্পীকে শেষবারের মত দেখতে বিমানবন্দরে জড়ো হন হাজারো মানুষ।
বিমানবন্দর থেকে কাহিলিপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার পথে মানুষ ফুল ছিটিয়ে, হাতজোড় করে দাঁড়িয়ে আর কান্নায় ভেঙে পড়ে বিদায় জানায় তাদের প্রিয় শিল্পীকে।
আসামের পুরো শহরজুড়ে প্রায় প্রতিটি রাস্তায় জুবিনের প্রতিকৃতিতে ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ।
রোববার সকাল থেকে শ্রদ্ধা জানানোর জন্য অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া কমপ্লেক্সের সামনে রাখা হয় কফিন।
আসাম সরকারের নির্দেশে মঙ্গলবার গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এই শিল্পীর।
তিন দশকের বেশি সময়ের সংগীত জীবনে জুবিন গার্গ গেয়েছেন প্রায় ৩৮ হাজার গান, ৪০টি ভাষা ও উপভাষায়।
শুধু আসামে নয়, গান দিয়ে তিনি ভারতীয় সংগীতজগতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন।
২০০৬ সালে মুক্তি পাওয়া ইমরান হাশমি ও কঙ্গনা রানাউত অভিনীত গ্যাংস্টার সিনেমায় ‘ইয়া আলী’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পান এ শিল্পী। এরপর ‘কৃশ থ্রি’ সিমেনার ‘দিল তু হি বাতা’ এর মত বেশ কয়েকটি হিট গানে খ্যাতি পেয়েছেন তিনি।
সিনেমায় অভিনয় ও পরিচালকের ভূমিকাতেও ছিলেন জুবিন। এর মধ্যে সুপার হিট হয় কাঞ্চনজঙ্ঘা, মিশন চায়না, দীনবন্ধু ও মন জয়।
কলকাতার বাংলা সিনেমার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে এই শিল্পীর কণ্ঠে। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তিনি গেয়ছেন ‘মন মানে না’, ‘পিয়া রে’, 'যে দেশে', 'খোদা জানে', 'প্রেম কী বুঝিনি', 'চোখের জলে', 'বোঝে না সে বোঝে না', 'আয়না মন ভাঙা আয়না'সহ বহু গান।
আরও পড়ুন: