১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাইরেসির কবলে ‘রিকশা গার্ল’

পাইরেসির কবলে পড়ে বাঁচার উপায় খুঁজছেন অমিতাভ রেজা চৌধুরী।

পাইরেসির কবলে ‘রিকশা গার্ল’

সিনেমায় রিকশা গার্লের ভূমিকায় নভেরা রহমান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 12:09 AM

Updated : 10 Jan 2023, 12:09 AM

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘রিকশা গার্ল’ বাংলাদেশে মুক্তির কথা আগামী ফেব্রুয়ারিতে; তার দুই মাস আগেই চোরা পথে অনলাইনে চলে এসেছে সিনেমাটি।

সোমবার একটি টরেন্ট সাইটে দেখা যায় ১ ঘণ্টা ৪১ মিনিটের সিনেমাটি। সেখানে ১০৮০ পিক্সেল ও ৭২০ পিক্সেল ওয়েব ফর্মেটে সিনেমাটি ডাউনলোড করা যাচ্ছে, আবার সরাসরি দেখাও যাচ্ছে।

দেখা যাচ্ছে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর সিনেমাটি ওই সাইটে আপলোড করা হয়েছে।

নির্মাতা অমিতাভ রেজা পাইরেটেড হওয়ার কথা স্বীকার করে গ্লিটজকে বলেন, “হ্যাঁ, সিনেমাটা পাইরেসির শিকার হয়েছে। আমরা চেষ্টা করছি ওই সাইট থেকে নামানোর। কিন্তু টরেন্ট সাইটগুলোতে আপলোড হওয়া ফাইল নামানোর উপায় নেই বললেই চলে।”

কীভাবে পাইরেটেড হল- জানতে চাইলে তিনি বলেন, “ছবিটি অ্যাপল টিভিতে আপলোড করা আছে। ওখান থেকেই কেউ হয়ত ডাউনলোড করে টরেন্ট সাইটগুলোতে আপলোড করছে।”

অ্যাপল টিভি অ্যাপে দেখা যায়, দুই ক্যাটাগরিতে ৯.৯৯ ডলার ও ৩.৯৯ ডলারে সিনেমাটি পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সতর্কতা অবলম্বনের প্রয়োজন ছিল কি না- এমন প্রশ্নে অমিতাভ বলেন, “যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তারা খুবই কারিগরি দক্ষ হয়ে থাকে। এদের থামানোর উপায় কম। বিশ্বের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না।”

মুক্তির আগে পাইরেসির কবলে পড়ায় সিনেমাটার বেশ ক্ষতি হয়ে গেছে। এ থেকে বাঁচার উপায় বের করার চেষ্টা করছেন বলে তিনি জানান।

পুরানো খবর:

রিকশা গার্ল: অমিতাভ রেজার আরেক খণ্ড মুন্সিয়ানা

২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরীর ব্যবসা সফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’ প্রথম সপ্তাহেই পাইরেসির শিকার হয়। তখন পাইরেসির বিপক্ষে বেশ সরব হতে দেখা গিয়েছিল আয়নাবাজি দলকে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্ল্যাশ মবও করতে দেখা যায় দর্শকদের।

২০২১ সালের আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তির আগে পাইরেসির কবলে পড়ে। যে কারণে কান ঘুরে আসা সিনেমাটি দেশের হলে দর্শক টানতে ব্যর্থ হয়।

একটি অনুষ্ঠানে অনলাইনে প্রদর্শনকালে পাইরেসি হয়ে যায় ‘রেহানা মরিয়ন নূর’ ছবিটি।

মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ায় আশঙ্কার কথা জানান ‘আদিম’ সিনেমার নির্মাতা যুবরাজ শামীম। তিনি গ্লিটজকে বলেন, “আমার সিনেমাটাও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। আরও কয়েক জায়গায় জমা দেওয়া আছে। অমিতাভ রেজা ভাইয়ের সিনেমা পাইরেসির কবলে পড়া দেখে আমারও ভয় লাগছে।”

Image

অমিতাভ রেজা চৌধুরী

ঘরে বসে সিনেমা দেখে ফেললে দর্শকদের হলে যাওয়ার সম্ভাবনা কমে যায়। তাতে প্রযোজকদের লোকসানের শঙ্কায় পড়তে হয়।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে ‘রিকশা গার্ল’ বানিয়েছেন অমিতাভ রেজা। ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে ভরেছে সিনেমাটি। ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে প্রদর্শনী ছিল রিকশা গার্লের।

সেখানে নির্মাতা জানান, আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। দর্শককে হলে গিয়ে সিনেমাটা দেখার আহ্বান জানান তিনি।

রিকশা গার্ল সিনেমায় অভিনয় করেছেন- নভেরা রহমান, অ্যালেন শুভ্র, নাসির উদ্দিন খান, চম্পাসহ অনেকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ ও টয়াকে।