Published : 23 Jul 2026, 09:25 PM
বন্ধুত্বের গল্পের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ফের আসছে প্রেক্ষাগৃহে। তবে বর্তমান পরিস্থিতিতে সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘রাঞ্ছোড় দাস’ অর্থাৎ আমির খানের এক বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
দীর্ঘদিন ধরেই বলা হয়ে আসছিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘র্যাঞ্চো’ চরিত্রটি নাকি সমাজকর্মী সোনম ওয়াংচুক থেকে অনুপ্রাণিত। তবে এটি ভুল ধারণা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমির খান। ২০০৯ সালে সিনেমা তৈরির সময় তিনি সোনমকে চিনতেন না বলেও স্পষ্ট করেছেন।
এই মন্তব্যে তুমুল কটাক্ষের শিকার হচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির। এই পরিস্থিতিতে, আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এন এইচ স্টুডিওজের বিশেষ উদ্যোগেই আরও একবার সিনেমাহলে বসে ‘থ্রি ইডিয়টস’ উপভোগ করতে পারবে দর্শক। যা সিনেপ্রামীদের কাছে বিরাট প্রাপ্তি বলে তুলে ধরা হয়েছে।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ বক্স অফিসে ঝড় তুলেছিল। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি কেবল ব্যবসাসফল হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়।
মুক্তির পর ১৭ বছর পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমার তিন চরিত্র রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগিও সমান জনপ্রিয়। এই চরিত্রে অভিনয় করা তিন অভিনেতা হলেন আমির খান, মাধবন ও শারমান যোশি। আরও ছিলেন কারিনা কাপুর।
সিনেমাটির সিক্যুয়েল আসছে। এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।
সোনমজিকে কেউ চিনতাম না
সোনম ওয়াংচুকের বিষয়ে আমির খানকে প্রশ্ন করা হয় কদিন আগে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে। সেখানে তার সিনেমা ‘লগান’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

সেখানে আমির বলেছিলেন, কেবল তিনি নন, সিনেমার চিত্রনাট্যকার, পরিচালক রাজকুমার হিরানি ও চিত্রনাট্যকার যোশীও সোনমজিকে চিনতেন না।
আমির বলেছিলেন, “সোনমজি যে কাজ করছেন, তা অত্যন্ত ভালো। তবে তাকে সম্মান করার জন্য এটা জরুরি নয় যে ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার একটি চরিত্র তার দ্বারা অনুপ্রাণিত হতে হবে।”
ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট)-কে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি-সিজেপি।
যে আন্দোলনে ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি ঘোলাটে করেছে।

এই আন্দোলনে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে আমরণ অনশনে বসা ৫৯ বছর বয়সী বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে গত শনিবার স্বাস্থ্যের কারণ দেখিয়ে হাসপাতালে স্থানান্তর করে পুলিশ।
হাসপাতাল থেকে পাঠানো এক চিঠিতে ওয়াংচুক জানিয়েছেন, সরকার পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতের ব্যর্থতার দায় না নেওয়া পর্যন্ত অথবা সংসদ সদস্যরা এই বিষয়টি সংসদে তোলার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।