১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘শোলের’ জয় গাড়ি চালিয়ে গেলেন বীরুকে দেখতে

চোখে সানগ্লাস এঁটে তিনি নিজেই বিএমডব্লিউ গাড়ি চালিয়ে পৌঁছে যান বন্ধুর বাড়িতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 05:29 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

বলিউডের কিংবদন্তী অমিতাভ বচ্চনকে কে কবে শেষবার গাড়ি চালিয়ে কোথাও যেতে দেখেছেন তা অনেকেই মনে করতে পারবেন না। তবে এমন অবাক করা দৃশ্য দেখা গেছে একদিন আগে।

হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরেছেন বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। সেই খবর পেয়েই ‘শোলে’র ‘জয়’ ছুটে গেলেন তার বন্ধু ‘বীরু’কে দেখতে। 

এনডিটিভি লিখেছে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর বুধবার ধর্মেন্দ্র ফিরেছেন জুহুর বাংলোয়। এখন বাড়িতেই চলছে তার পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম।

আগের দিনও ধর্মেন্দ্রের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। তখন ধর্মেন্দ্রর মেয়ে অভিনেত্রী এশা দেওল বিবৃতিতে বলেছেন, তার বাবার মৃত্যুর খবরটি নেহাতই গুজব এবং তিনি সুস্থ আছেন।

এরপর ৯০ বছর বয়সী ধর্মেন্দ্রর বাড়ি ফেরার খবরে জুহুর ওই বাংলোর সামনে ভক্ত ও সাংবাদিকদের ভিড় উপচে পড়ে।

এমন সময়ে সেখানে এসে পৌঁছান অমিতাভ। চোখে সানগ্লাস এঁটে তিনি নিজেই বিএমডব্লিউ গাড়ি চালিয়ে পৌঁছে যান বন্ধুর বাড়িতে। 

যেন ৫০ বছর আগের ‘শোলে’র দৃশ্য ফেরে মুম্বাইয়ের রাস্তায়। চলতি বছরে ‘শোলে’র ৫০তম বর্ষপূর্তি হয়েছে। ১৯৭৫ সালের ১৫ অগাস্টে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির বাজেট ছিল ৩ কোটি টাকা, যা তখনকার সময়ের অন্যতম ব্যয়বহুল ভারতীয় প্রযোজনাগুলোর মধ্যে একটি। বক্স অফিস ভরিয়ে দেওয়ার পাশাপাশি ভারতের একটি ধ্রুপদি চলচ্চিত্রের মর্যাদাও পায় ‘শোলে’। ঠাকুরের ডাকে জয় আর বীরু নামের দুই তরুণ মাস্তানের ডাকাত ধরার সিনেমা হয়ে ওঠে বলিউডের ইতিহাস।

সিনেমায় ধর্মেন্দ্র ও অমিতাভ অভিনীত জয় ও বীরুর বন্ধুত্ব আজও মনে রেখেছেন দর্শকরা।

ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অমিতাভ নিয়মিত তার খোঁজ নিয়েছেন। তবে শুটিংয়ের ব্যস্ততায় হাসপাতালে গিয়ে বন্ধুকে দেখে আসা হয়নি তার। 

ধর্মেন্দ্র মৃত্যুর খবর 'গুজব' বললেন মেয়ে এশা, ক্ষুব্ধ হেমা মালিনী

'শোলে' মুক্তির ৫০ বছর: ধর্মেন্দ্র যেখানে টেক্কা দিয়েছিলেন অমিতাভকে