১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধর্মেন্দ্র মৃত্যুর খবর ‘গুজব’ বললেন মেয়ে এশা, ক্ষুব্ধ হেমা মালিনী

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা অভিনীত ‘ইক্কিস’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবরকে ‘গুজব’ বলে নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী এশা দেওল। 

মঙ্গলবার সকালে ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় ৯০ বছর বয়সী ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনস্টাগ্রামে এশা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তার বাবা ‘সুস্থ আছেন এবং তার অবস্থাও স্থিতিশীল’। 

এশা লিখেছেন, “সংবাদমাধ্যম অতি তৎপর এবং মিথ্যা খবর ছড়াচ্ছে। সবাইকে আমাদের পরিবারের একান্ত বিষয়গুলো নিয়ে একান্তে রাখার অনুরোধ জানাচ্ছি।”

এশা তার পোস্টের কমেন্ট সেকশনও বন্ধ করে দিয়েছেন।।

হেমা মালিনী এই ধরনের গুজবের তীব্র নিন্দা জানিয়েছেন এক্সে।

তিনি লিখেছেন, “যা ঘটছে তা অমার্জনীয়! যে ব্যক্তি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হচ্ছেন, দায়িত্বশীল সংবাদমাধ্যমগুলো কীভাবে তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? 

“এটা চরম অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে অভিনেতার পরিবারকে মর্যাদা দিন।”

এর আগে গভীর রাতে ধর্মেন্দ্রের ছেলে সানি দেওলও একটি বিবৃতি দেন সোশাল মিডিয়ায়। 

তিনি বলেন, “ধর্মেন্দ্রজি স্থিতিশীল এবং পর্যবেক্ষণে আছেন। পরবর্তী মন্তব্য ও আপডেটগুলি যথাসময়ে জানানো হবে। দয়া করে তাঁর স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”

গেল রাতে ধর্মেন্দ্রকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়ার খবর ছড়ালে, তা নাকচ করে হেমা মালিনীও বলেছিলেন, “উনি ঠিক আছেন। চিকিৎসকের কিছু বিষয়ে পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্মেন্দ্রজির প্রতি আপনাদের উদ্বেগের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

ফুসফুসে কিছু সমস্যা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন আছেন ধর্মেন্দ্র। শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, অভিনেতা সালমান খান, গোবিন্দ, আমিশা প্যাটেলসহ আরো অনেকে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।

ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

এর মধ্যে এদিন সকালে তার মৃত্যুর খবর প্রকাশ হলে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাভেদ আখতারসহ আরও অনেক শোক প্রকাশ করে পোস্টও দেওয়া শুরু করেন। 

এদিকে গুজব ও ভিড় ঠেকাতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিরাপত্তা জোরদার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ধর্মেন্দ্র। সত্তর ও আশির দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। 

‘বন্দিনী’, ‘সত্যকাম’, ‘শোলে’ সহ অনেক সাড়াজাগানো সিনেমা দিয়ে দর্শকপ্রিয় হয়েছেন ধর্মেন্দ্র।

ধর্মেন্দ্রর সর্বশেষ সিনেমা ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। ওই সিনেমায় শহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনয় করেছিলেন।

এরপর তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা অভিনীত ‘ইক্কিস’ সিনেমায়। শ্রীরাম রাঘবন পরিচালিত মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। চলতি বছরের ডিসেম্বরে ‘ইক্কিস’ মুক্তি পাবে।