২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘ফ্রেন্ডস’ তারকা পেরির মৃত্যু: দোষ স্বীকারে রাজি চিকিৎসক

অভিযোগের সর্বোচ্চ শাস্তি ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 12:53 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথু পেরির মৃত্যুর আগে তাকে কেটামিন সরবরাহের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক সালভাদোর প্লাসেন্সিয়া দোষ স্বীকার করতে রাজি হয়েছেন।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা এ তথ্য জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

তাতে বলা হয়েছে প্লাসেন্সিয়া কেটামিন সরবরাহের চারটি অভিযোগের স্বীকারোক্তি দেবেন। অভিযোগের সর্বোচ্চ শাস্তি ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড। 

এই চিকিৎসক আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর  লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় পেরিকে। তার বয়স হয়েছিল ৫৪ বছর। 

ওই সময় সিনিয়র ডেপুটি চিকিৎসা পর্যবেক্ষক রাফি জাবোরিয়ান বলেন, পেরির ময়নাতদন্তে রক্তের নমুনায় অতিরিক্ত মাত্রায় কেটামিন পাওয়া গেছে, যা হৃদপিণ্ডের অতিরিক্ত উদ্দীপনা ও শ্বাসকষ্টের কারণ হয়েছিল।

কেটামিন চিকিৎসকরা চেতনানাশক হিসাবে ব্যবহার করে থাকেন। অনেকক্ষেত্রে মানসিক স্বাস্থ্য চিকিৎসায়ও এর ব্যবহার হয়। তবে অনেকে এটি মাদক হিসেবে ব্যবহার করেন। এটি ব্যবহারে মানসিক অবসাদ ও দুঃচিন্তা থেকে সরে গিয়ে মানুষের অনুভূতিতে সম্মোহন বা ভ্রম তৈরি করে।

অভিনেতা পেরি তার স্মৃতিচারণে কেটামিনের সঙ্গে অনেক বেশি জড়িয়ে যাওয়ার কথাও লিখেছিলেন।

পেরির মৃত্যুর পর মামলা হওয়ার আগেই দোষ স্বীকার করেছিলেন তার আরেক চিকিৎসক মার্ক শ্যাভেজ। 

এই চিকিৎসকের মোবাইল থেকে উদ্ধার করা বার্তায় দেখা গেছে, প্লাসেন্সিয়া পেরিকে ‘বোকা’ বলে বর্ণনা করেছেন। 

প্লাসেন্সিয়া শ্যাভেজকে পাঠানো বার্তায় লিখেছিলেন, “এই (পেরি) বোকাটা আমাকে কত টাকা দেব তাই ভাবছি।”

আদালতের নথিতে বলা হয়েছে, প্লাসেন্সিয়া পেরিকে কেবল তার বাড়িতেই নয়, লং বিচ অ্যাকুয়ারিয়ামের পার্কিং লটেও কেটামিন ইনজেকশন দিতেন।

 এমনকি পেরির ব্যক্তিগত সহকারীকে ইনজেকশন দেওয়ার পদ্ধতি শিখিয়েছিলেন।

মামলায়  পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসকও আছেন, যারা মাদক কারবারিদের সঙ্গে গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তারাই পেরিকে কেটামিন সরবরাহও করতেন। 

পেরি মূলত কেটামিন গ্রহণ করতেন তার মনোরোগ চিকিৎসার অংশ হিসেবে। কথা ছিল সেই ওষুধ পেরিকে সরবরাহ করা হবে চিকিৎসকের পরামর্শে দেওয়া হয়। তবে প্রয়াত পেরি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি নিতে চাইতেন। আর সেই সুযোগেই গড়ে উঠেছিল চক্রটি। 

অপরাধীদের স্বীকারোক্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে প্লাসেন্সিয়া পেরি ও তার সহকারীর কাছে ৫ মিলিলিটারের ২০টি কেটামিন ভায়াল বিক্রি করেন।

এছাড়া কিছু কেটামিন লজেন্স ও সিরিঞ্জ বিক্রি করেছেন। 

এ বিষয়ে প্লাসেন্সিয়ার আইনজীবীদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’ এর প্রধান ছয় চরিত্রের অন্যতম চ্যান্ডলার বিং হিসেবে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চরিত্রটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, ব্যথানাশক আর অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন ম্যাথু পেরি। পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয়েছিল তাকে।

২০১৬ সালে বিবিসি রেডিও টু-কে তিনি বলেছিলেন, মদ্যপান ও মাদকে আসক্তির কারণে ‘ফ্রেন্ডস’ শো এর তিন বছরের স্মৃতি তিনি মনে করতে পারেন না।

'ফ্রেন্ডসতারকা ম্যাথু পেরির জীবনাবসান

জানা গেল অভিনেতা ম্যাথু পেরির মৃত্যুর কারণ