Published : 19 Sep 2026, 11:21 AM
পুরুলিয়ার পর পরবর্তী সিনেমার গন্তব্যের ইঙ্গিত আগেই দিয়েছিলেন নির্মাতারা। সেই ঘোষণার পর থেকেই একেন ভক্তদের অপেক্ষা ছিল নতুন সিনেমা ঝলক দেখার। অবশেষে প্রকাশ্যে এল টিজার।
কেবল তাই নয়, ‘একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র’ শিরোনামের সিনেমা মুক্তির তারিখও সামনে এসেছে।
দ্য ওয়াল জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় আসছে একাধিক সিনেমা। ‘দেশু ৭’, ‘এম্পরার ভার্সেস শরৎচন্দ্র’ এবং ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র সঙ্গে বক্স অফিসের দৌড়ে থাকছে গোয়েন্দা একেনবাবুর নতুন কাহিনী।
এই গোয়েন্দা এবার তার দুই সঙ্গীকে নিয়ে রহস্যের সমাধান করবেন কেরালায়।
টিজারের ভিডিওতে নতুন জায়গা, নতুন রহস্যের আঁচ মিললেও, একেনবাবুর মেজাজে খুব একটা বদল নেই। ফের দেখা গেল তার রসিকতার আড়ালে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়। তবে একেনবাবুর এই সফর তার আগের অভিযানগুলোর তুলনায় আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।
সিনেমার এবার নতুন কয়েকটি মুখ দেখা যাবে। তাদের মধ্যে আছেন রাইমা সেন এবং ঋত্বিক চক্রবর্তী। টিজারে উঠে এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও।
একেনবাবুর চরিত্রে বরাবরের মতই থাকছেন অনির্বাণ চক্রবর্তী। তার দুই সঙ্গী বাপি ও প্রমথের ভূমিকায় ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ।
পশ্চিমবঙ্গে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে ‘একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র’। তার পরের দিন, অর্থাৎ ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে দেশের অন্যান্য প্রেক্ষাগৃহে।