Published : 13 May 2026, 12:33 PM
ফুসফুসে জটিলতা ও লিভারে ভাইরাল সংক্রমণে গুরুতর অসুস্থ অভিনেত্রী কারিনা কায়সারকে ভারতের চেন্নাই নেওয়ার পর সেখানকার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে।
চেন্নাই থেকে অভিনেত্রীর মা লোপা কায়সার জানিয়েছেন, লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মত শারীরিক অবস্থায় কারিনা নেই বলে চিকিৎসকরা তাদের বলেছেন।
কারিনার ফুসফুসে অনেকটা তরল ও কফ জমে গেছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে এনে তাকে স্থিতিশীল করার দিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কারিনা মা। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লোপা কায়সার বলেন, "একই সঙ্গে তার লিভারে ভাইরাস সংক্রমণও রয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, আগে তাকে স্থিতিশীল করতে হবে, কারণ বর্তমান অবস্থায় লিভার ট্রান্সপ্লান্ট বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মত শারীরিক সক্ষমতা তার নেই।"
ভারতে নেওয়ার পুরো যাত্রাপথটাই কারিনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর ছিল জানিয়ে তিনি বলেন, "হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানিয়েছেন, যাত্রাপথের ধকলের কারণে কারিনার শরীরে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন অনেক বেড়ে গেছে। বাংলাদেশ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্টে নেওয়া হলেও ভারতে পৌঁছানোর পর সেটি ৯০ শতাংশ পর্যন্ত দিতে হয়েছে।
“এছাড়া এভারকেয়ার হাসপাতাল থেকে স্থানান্তরের সময় তার রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল, পরে দ্রুত ওষুধ দিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়।"

চেন্নাইয়ে কারিনার সঙ্গে তার মা ও দুই ভাই আছেন। কারিনার রক্তের সঙ্গে তার ছোট ভাই সাদাত হামিদের রক্তের গ্রুপের মিল রয়েছে। যদি লিভার প্রতিস্থাপন করা হয় তবে ছোট ভাইয়েরটা করলে ‘ভালো হয়’ বলে জানিয়েছেন চিকিৎসক।
সিএমসি হাসপাতালের চিকিৎসকদের কাজের প্রশংসা করে তিনি বলেন, "চিকিৎসকের কাজ দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমার মেয়ে যেন সুস্থ হয়ে উঠে সকলের কাছে দোয়া চাই।"
সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় কারিনাকে।

এক সপ্তাহের বেশি সময় ধরে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন কারিনা। শুক্রবার প্রচণ্ড জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কারিনা হেপাটাইটিসে আক্রান্ত বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছিলেন তারা বাবা।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। তার কিছু কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।