পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
তিনি কী কী দায়িত্ব পালন করবেন তা এখনও স্পষ্ট নয়।
মন্ত্রী পদমর্যাদায় পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উপদেষ্টা হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, যিনি বড়পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হিসেবে পরিচিত।
বুধবার রাজ্য সরকার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে খবর দিয়েছে আনন্দবাজার।
পত্রিকাটি লিখেছে, মিঠুনকে যে এ দায়িত্ব দেওয়া হচ্ছে তা সম্প্রতি এক অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার হাতেই রয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর।
এ দপ্তরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে থেকেছেন মিঠুন।
আগামী ১৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি।
সম্প্রতি কলকাতার উপশহর নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে থেকে মিঠুনকে ওই ফিল্ম সেন্টারের উপদেষ্টা ঘোষণা করেন। শুভেন্দু এও জানিয়েছিলেন, শিগগির আরও বড় ভূমিকায় দেখা যাবে ‘মহাগুরু’কে।
গেল শতাব্দীর ষাট ও সত্তর দশকে নকশাল আন্দোলনে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে ভোটের রাজনীতিতে তার হাতেখড়ি হয় তৃণমূলের হাত ধরে। মমতার টিকেটে রাজ্যসভার সংসদ সদস্য হয়েছিলেন তিনি।
তবে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। পরের বছর বিধানসভা নির্বাচনের আগে ৭ মার্চ যোগ দেন বিজেপিতে। গত পাঁচ বছর বিজেপির হয়ে ভোটপ্রচারে ছিলেন এ অভিনেতা, রাজনীতিক।
