শুটিংয়ের সময় ‘পানিতে ডুবে’ অভিনেতা রাহুলের মৃত্যু
‘ভোলে বাবা পার কারেগা’ নাটকের শুটিংয়ে পানিতে ডুবে অভিনেতার মৃত্যু হয়েছে।
কলকাতার ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন।
শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় ৪৩ বছর বয়সি অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।
পুলিশের বরাত দিয়ে মৃত্যুর খবর দিয়েছে ‘এই সময়’ অনলাইন।
সংবাদমাধ্যমটি লিখেছে, তালসারিতে স্টার জলসা টেলিভিশন স্টেশনের ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ নাটকের শুটিং চলছিল। সেই সময় সমুদ্রে নামেন রাহুল। কিন্তু আচমকাই তলিয়ে যান তিনি। টেকনিশিয়ানরা অভিনেতাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এই সময় অনলাইনকে বলেন, “পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব খতিয়ে দেখা হচ্ছে।”
‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে রাহুলের সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, “পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি শুটিং প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।”
বেশ কিছুক্ষণ পানিতে ছিলেন তিনি। অনেকটা সময় তিনি না ফিরলে তাকে আনতে যাওয়া হয়।
ভাস্কর আরও বলেছেন, তারা শুটিং করে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন।
শুটিং সেটে থাকা অভিনেতা দিগন্ত বাগচী বলেন, “শুটিং শেষ হওয়ার পরে তিনি পানিতে নামেন। হয় তিনি সাঁতার জানতেন না, বা কোনোভাবে আটকে পড়েছিলেন। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়।”
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাকে।
রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।
রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান সহজ।
সম্প্রতি ‘সহজকথা’ নামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।
