১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক দশক আগের ‘ইত্যাদি’ পর্দায়

রাঙামাটিতে এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।

এক দশক আগের ‘ইত্যাদি’ পর্দায়
‘ইত্যাদির’ দৃশ্য। ছবি: ইত্যাদির সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 12:27 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

প্রায় দশ বছর আগে রাঙামাটি শহরে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ পর্বটি পুনঃপ্রচার করা হচ্ছে।

শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবে এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাহাড়-নদী-লেক আর ঝরনা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।  

এই পর্বের শুরুতেই দেখা যাবে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র্য আর রাঙামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো ’। গানটি গেয়েছেন চট্টগ্রামের শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। সাথে ছিলেন স্থানীয় শিল্পীরা।

বরাবরের মত এই পর্বেও রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেইসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের উপর একটি প্রতিবেদন। রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। 

এছাড়াও এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর।

ইত্যাদির দর্শক বাছাই করা হয়েছে রাঙামাটিকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে।

দ্বিতীয় পর্বে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিতি ও গানের মিউজিক শুনে সেই গান পরিবেশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানা-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।