২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক অতৃপ্ত প্রেমিকের ‘প্যাকআপ’

রোমান্টিক নায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তি জীবনে ভালোবাসা তাকে ফাঁকিই দিয়ে গেছে বার বার। অসংখ্য নারীর আরাধ্য হয়েই জীবনের অনেকটা অংশ কাটানো এই মহাতারকার নাম রাজেশ খান্না। যদিও তিনি যাদের আরাধনা করেছেন, তারা হয় তার ভালবাসাকে বুঝে উঠতে পারেনি অথবা তাকে প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 09:30 AM

Updated : 12 Oct 2022, 04:02 PM

বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বাংলোর বাইরে নারী ভক্তদের ভিড় ছিল নিত্যদিনের ঘটনা। ভক্তরা রক্ত দিয়ে চিঠি লিখতো তাকে। অসংখ্য নারীর স্বপ্নপুরুষ ছিলেন তিনি। তবে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে এসেছিলেন তিন জন নারী। তিনজনকেই তীব্রভাবে ভালোবেসেছিলেন তিনি, কিন্তু তারা তাকে সেইভাবে ভালোবাসতে পারেনি যেভাবে তিনি চেয়েছিলেন। ২০১২ সালের ১৮ জুলাই মৃত্যুর আগে রাজেশ খান্নার উচ্চারিত শেষ বাক্যটি ছিল ‘প্যাক আপ’। তার জীবনটাই ছিল যেন বিয়োগান্তক এক রোমান্টিক চলচ্চিত্র।

১৯৪২ সালের ২৯ ডিসেম্বর অমৃতসরে রাজেশ খান্নার জন্ম। স্থানটি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তার পারিবারিক নাম ছিল যতীন খান্না।ডাকনাম ছিল কাকা। তার বাবা ও মায়ের নাম ছিল লালা হিরানান্দ ও চন্দ্রাণী খান্না। লালা হিরানান্দ পাকিস্তানের পাঞ্জাবের একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। রাজেশ প্রতিপালিত হন দত্তক বাবা-মা চুনীলাল খান্না এবং লীলাবতী খান্নার স্নেহচ্ছায়ায়।পালক বাবা মায়ের সঙ্গে তিনি মুম্বাইয়ে বড় হন। স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী হন তিনি। যতীন খান্না এবং রবি কাপুর (জিতেন্দ্র) ছিলেন বন্ধু। দুজনেই স্কুলের বিভিন্ন নাটকে অভিনয় করতেন। স্কুল ও কলেজে মঞ্চে অভিনয় করে প্রশংসা ও পুরস্কার পান রাজেশ।

১৯৬৬ সালে ‘আখেরি খত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন তিনি। এরপর ‘রাজ’, ‘বাহারোঁ কি সপনে’, ‘ইত্তেফাক’ ও ‘আরাধনা’ ছবির মাধ্যমে তিনি তুমুলজনপ্রিয়তা পান। ‘আরাধনা’ ছবিটি বাংলা ও হিন্দি দুভাষাতেই মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন শর্মিলা ঠাকুর। ‘আরাধনা’র সাফল্যের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি রাজেশকে। একের পর এক মুক্তি পায় তাঁর অভিনীত ‘কাটি পতং’,  ‘আপ কি কসম’, ‘রোটি’, ‘প্রেম কাহানি’, ‘আলাগ আলাগ’, ‘মেহবুবা’, ‘রাজা রানী’,‘সফর’ইত্যাদি সুপারহিট ছবি।

চলচ্চিত্রভুবনে প্রবেশের পর তিনি টিভি অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার আঞ্জু মাহেন্দ্রর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সে সময় তারা দুজনেই প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছিলেন। এর আগে আঞ্জুছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেট তারকা গ্যারি সোবার্সের প্রেমিকা। সোবার্সের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাজেশ খান্নার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সে সময় আঞ্জু বেশ জনপ্রিয়তা পান, তার ক্যারিয়ারও এগিয়ে যেতে থাকে। রাজেশ কিন্তু ভালোবাসার বিষয়ে ছিলেন বেশ রক্ষণশীল। তিনি চাইতেন না তার সুন্দরী প্রেমিকার সঙ্গে পর্দায় অন্য পুরুষরা অভিনয় করুক। রাজেশের খেয়ালের বশে আঞ্জু তার ক্যারিয়ার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি রাজেশ খান্নার প্রেমিকা পরিচয়েই খুশি ছিলেন। রাজেশ তার প্রেমিকাকে উপহার দেন অসংখ্য দামি অলংকার এবং একটি সুদৃশ্য বাস ভবন যেখানে এখনও বাস করছেন আঞ্জু। তবে তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্বও ধীরে ধীরে দেখা দিতে থাকে। আঞ্জু পরবর্তীকালে এক সাক্ষাৎকারে বলেন, "কাকা ছিল খুব রক্ষণশীল মানসিকতার আবার একই সঙ্গে আধুনিক নারীর প্রতি আগ্রহী। যদি আমি পশ্চিমা ধাঁচের পোশাক পরতাম, ও বলতো শাড়ি পরো। আর শাড়ি পরলে বলতো, তুমি পুরনো দিনের মেয়েদের মতো চলো কেন? আমাদের সম্পর্কের মধ্যে সর্বদা একটা অস্পষ্টতা ছিল।" দীর্ঘ সাত বছর প্রেম চলে এই জুটির। মূলত ব্যক্তিত্বের সংঘাতেই তাদের সম্পর্কে ভাঙনের সুর বাজে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই দুজন কথা বন্ধ করেন এবং ১৭ বছর তারা কেউ কারও সঙ্গে কথা বলেননি। তবে জীবনের শেষ দিকে আবার বন্ধুত্ব গড়ে ওঠে তাদের। নিঃসঙ্গ ও অসুস্থ রাজেশের জীবনে সেবা ও প্রীতির সুবাতাস নিয়ে আসেন আঞ্জু। রাজেশের মৃত্যুশয্যায় তার পাশে ছিলেন আঞ্জু, পরম মমতায় তার হাত ধরে রেখেছিলেন অন্তিম মুহূর্তে। ১৯৭৩ সালে আঞ্জুর সঙ্গে সম্পর্ক ভাঙার এক মাসের মধ্যে নবাগত নায়িকা ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করে রাজেশ খান্না। সে সময় রাজ কাপুরের ‘ববি’ ছবিতে অভিনয় করছিলেন শিল্পপতি বাবার সন্তান ডিম্পল। আর. কে ফিল্মসের প্রচারের কৌশলে তখন সিনেমাপ্রেমীদের সব কৌতুহল তাকে ঘিরে। ঋষি কাপুরের সঙ্গে ডিম্পলের বন্ধুত্বকে ঘিরেও ছিল মিডিয়ার গুঞ্জন। তাই 'ঋষি কাপুরের প্রেমিকা’, রাজ কাপুরের ‘আবিষ্কার’ ও ‘হালের ক্রেজ’কে বিয়ে করে আঞ্জুর কাছে রাজেশ প্রমাণ করলেন যে তিনি সুপারস্টার এবং নারীদের কাছে কত অপ্রতিরোধ্য তার আকর্ষণ।

অন্যদিকে পনের বছর বয়সী অনভিজ্ঞ ডিম্পলের চোখে রাজেশ ছিলেন ‘স্বপ্নপুরুষ’। দুজনের বয়সের ব্যবধান ছিল ১৫ বছর। বিয়ের পর জাঁকজমক করে স্ত্রীর ষোলতম জন্মদিন উদযাপন করেন রাজেশ। সে উপলক্ষে গোটা বলিউডকে জানিয়ে দেন তিনি স্ত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এবং দারুণ সুখী। সিনেমাতে রাজেশ খান্নার অভিনয় ছিল কিছুটা উচ্চকিত।ব্যক্তি জীবনেও তিনি নাটকীয়তা ভালোবাসতেন। পরস্পরকে তারা আদর করে ‘কাকা’ এবং ‘ডিম্পি’ নামে ডাকতেন। প্রকৃতপক্ষে যদিও বিয়েতে তারা সুখী হতে পারেননি। ‘অবোধ বালিকা’ ডিম্পলকে বুঝতেই পারেননি রাজেশ। আর ‘স্বপ্নপুরুষ’কে স্বামী হিসেবে পাবার পর স্বপ্নভঙ্গ হতে দেরি হয়নি ডিম্পলের। বিয়ের পর মুক্তি পায় ‘ববি’।‘ববি’ সুপার হিট হয়। কিন্তু সংসারের জন্য অভিনয় ছেড়ে দেন ডিম্পল। দুই সন্তানের জননী হন।

অভিনয় ছাড়লেও রাজেশের মেজাজ-মর্জি বুঝতে পারতেন না তিনি।রাজেশ ছিলেন বেশ রাগী মানুষ। বিশেষ করে ছবি যদি সুপারহিট না হতো তাহলে মেজাজ সপ্তমে চড়তো তার। মদে তখন ডুবে যেতেন তিনি। রাজেশের এই পরিবর্তনশীল মেজাজের সঙ্গে মানিয়ে চলতে পারেননি ডিম্পল। ধনী বাবার মেয়ে হিসেবে তিনিও ছিলেন যথেষ্ট আদুরে ও মেজাজী। এক দশকের অসুখী দাম্পত্যজীবন যাপন করেন তারা। তারপর পৃথকভাবে বসবাস করতে থাকেন। তবে বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের।রাজেশের কাছ থেকে আলাদা হবার পর আবার অভিনয়ে ফিরে আসেন তিনি ‘সাগর’ ছবির মাধ্যমে।

রাজেশের সে সময় প্রেম চলছে বলিউডের ‘হার্টথ্রব’ নায়িকা টিনা মুনিমের সঙ্গে।  রাজেশের জীবনে ঝড়ো হাওয়া হয়ে আসেন টিনা মুনিম। রাজেশ খান্না টিনা মুনিমের বিপরীতে ১১টি ছবিতে অভিনয় করেন। প্রেমের ছবিতে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন তারা। নিজেদের সম্পর্ককে গণমাধ্যমের চোখ থেকে আড়াল করার কোনো চেষ্টা ছিল না তাদের। বরং তারা যে একসঙ্গে বসবাস করেন তা ঘোষণা করেছেন বেশ জোরে সোরেই। তারা এক টুথব্রাশ ব্যবহার করেন বলেও শোনা গেছে। রাজেশ টিনাকে কথা দিয়েছিলেন তাকে বিয়ে করবেন। ডিম্পলের সঙ্গে সেপারেশন হলেও দুই সন্তানের কারণে কখনও ডিভোর্স হয়নি তাদের। আর সে কারণেই টিনা মুনিমকে বিয়ে করতে পারেননি রাজেশ। রাজেশের ‘প্রেমিকার’ স্বীকৃতি পেলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি টিনা। পরিণতি নেই এমন সম্পর্ক নিয়ে ক্রমেই হতাশ হয়ে উঠছিলেন তিনি। এদিকে সুন্দরী টিনা মুনিমের প্রেমে পড়েছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী পরিবারের সন্তান অনিল আম্বানি।

রাজেশের স্ত্রী হতে না পেরে অবশেষে ধনকুবের অনিল আম্বানিকে বিয়ের সিদ্ধান্ত নেন টিনা। রাজেশ সে সময় টিনাকে ফেরানোর অনেক চেষ্টা করেন। এমনকি তার কাছে ভালোবাসা ভিক্ষা চান তিনি। কিন্তু টিনা ফেরেননি। টিনা মুনিমের সঙ্গে অনিল আম্বানির বিয়ের পর ডিম্পলের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হযে আসে তার। রাজেশ যখন রাজনীতিতে আসেন তখন তার নির্বাচনী প্রচারণায় ডিম্পল পাশে ছিলেন। জীবনের শেষ দিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা যেত তাদের। তবে তারা পৃথকভাবেই বাস করতেন।

জীবনে খ্যাতি, অর্থ, বিত্ত, সাফল্য সব কিছুই পেয়েছিলেন রাজেশ খান্না। ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্না এখনও বলিউডের সেরা রোমান্টিক হিরো হিসেবে সিনেমাপ্রেমীদের হৃদয়ে রাজত্ব করছেন। কিন্তু রুপালি পর্দার এই সফল প্রেমিক এক অতৃপ্ত প্রেমিকের জীবনই যাপন করে গেছেন।