কেন আগামী ঈদের অপেক্ষায় শাহরুখ?
বলিউডের তিন খান বরাবরই উৎসবের মৌসুমগুলোতে জমজমাট করে রাখেন বক্স-অফিস। বড়দিনে বক্স-অফিস থাকে আমিরের দখলে আর দিওয়ালিতে দর্শক মাতান শাহরুখ। অপরদিকে ঈদ মানেই যেন সালমান খান। তবে ২০১৬ সালের ঈদে বদলে যাচ্ছে এই রীতি।
চলতি বছরের ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’। তার দুদিন আগেই শাহরুখ আগামী ঈদে তার আগমনের আভাস দিলেন। ১৬ জুলাই প্রকাশিত হলো ‘রাইস’-এর টিজার।
‘রাইস’-এর টিজার এমনই প্রতিশ্রুতি দিচ্ছে। আশির দশকের গুজরাটে গড়ে উঠেছে ‘রাইস’-এর কাহিনি, যেখানে এক মাদক ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে।
সিনেমায় শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক ঘটছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। আবারও এক তুখোড় পুলিশ কর্মকর্তার ভূমিকায় পর্দায় ফিরছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। আরেকটি চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকেও। তবে তার চরিত্র সম্পর্কে এখনও জানা যায়নি।
কিন্তু বরাবরের মত দিওয়ালিতে মুক্তি পাবে না শাহরুখের ‘রাইস’, বরং এবার শাহরুখের প্রতিদ্বন্দ্বিতা চলবে সালমানের সঙ্গে। ২০১৬ সালের ঈদুল ফিতরে একই সঙ্গে মুক্তি পাবে শাহরুখের ‘রাইস’ এবং সালমানের ‘সুলতান’।
‘রাইস’-এর টিজার মুক্তির আগেই প্রকাশিত হয় সালমানের নতুন সিনেমা ‘সুলতান’-এর টিজার। এতে একজন কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে সালমানকে। প্রথমবারের মতো দুই খানের সিনেমা একই দিনে মুক্তি পেতে যাচ্ছে।
আগামী বছরের ঈদের জন্য তাই বলিউডপ্রেমীদের অপেক্ষার শুরু এ বছর থেকেই।
