২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ‘বাজরাঙ্গি ভাইজান’

সালমান খানের নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ ছাড়পত্র পেয়েছে পাকিস্তানে। ঈদ-উল-ফিতরে ভারত ও পাকিস্তানে একসঙ্গে মুক্তি পেল সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

প্রথমবারের মতো ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নির্মিত কোনো হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে ‘বাজরাঙ্গি ভাইজান’- এর ছাড়পত্র পাওয়ার খবর টুইট করে জানিয়েছেন দেশটির সিন্ধু সেন্সর বোর্ডের প্রধান ফাখর-এ-আলম।

কবির খান পরিচালিত এই সিনেমাটিকে "অনেকদন পর পাকিস্তানকে নিয়ে বলিউডের তৈরি সবচেয়ে ইতিবাচক সিনেমা" হিসেবে অভিহিত করেছেন গায়ক-অভিনেতা ফাখর-এ-আলম।

ছাড়পত্রের একটি কপির ছবি তুলে তা পোস্ট করেন তিনি। আর টুইট করে পাকিস্তানবাসীকে আশ্বস্ত করেন, ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি কোনোদিক থেকেই পাকিস্তানবিরোধী নয়।

পাকিস্তানে নিয়মিত হিন্দি সিনেমা মুক্তি পেলেও সাধারণত পাক-ভারত সম্পর্ক নিয়ে নির্মিত সিনেমাগুলো উপেক্ষারই শিকার হয়। যে কারণে আটকে গিয়েছিল কবির খানের আরেকটি সিনেমা ‘এক থা টাইগার’। ভারত ও পাকিস্তানের দুই গুপ্তচরের প্রেমকাহিনি নিয়ে নির্মিত এই সিনেমাতেও অভিনয় করেন সালমান খান।

টুইটারের মাধ্যমেই পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান অভিনেতা সালমান খান। ফাখর-এ-আলমের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনেও কথা বলেন সালমান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ‘বাজরাঙ্গি ভাইজান’ দেখার অনুরোধ জানান।

১৭ জুলাই মুক্তি পেলো ‘বাজরাঙ্গি ভাইজান’। পাকিস্তানে ‘বাজরাঙ্গি ভাইজান’- এর সঙ্গে আরও মুক্তি পেয়েছে ঈদ মৌসুমের দুই বড় বাজেটের ফিল্ম ‘বিন রোয়ে’ এবং ‘রঙ নম্বর’।