শাহিদ-মিরার বিবাহোত্তর সংবর্ধনা: কে এসেছে, কে আসেনি
দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলার পরপরই স্ত্রীকে নিয়ে মুম্বাই এসে পৌঁছান ভারতীয় অভিনেতা শাহিদ কাপুর। সেখানেই ১২ জুলাই ঘটা করে অনুষ্ঠিত হয় মিরা রাজপুতের সঙ্গে তার বিবাহোত্তর সংবর্ধনা। নবদম্পতিকে আশির্বাদ জানাতে হিন্দি সিনেজগতের প্রায় সব তারকা উপস্থিত হলেও শাহিদের সাবেক প্রেমিকা কিংবা যাদের সঙ্গে তার নাম কখনো না কখনো জুড়েছে, তাদের কাউকেই দেখা যায়নি অনুষ্ঠানে।
এ সময়ের অভিনেত্রী সোনাম কাপুর, আলিয়া ভাট, কাঙ্গানা রানাওয়াত, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন - এরা সবাই শাহিদ-মিরার আগেই উপস্থিত হন উৎসবস্থলে। আমিতাভ বচ্চন, অনিল কাপুর, তুষার কাপুর, শাহিদের খালা রত্না পাঠক শাহ এবং তার দুই ছেলে ভিভান ও ইমাদ শাহও যথাসময়ে উপস্থিত হন। শাহিদের মা নিলিমা আজিমও উপস্থিত ছিলেন। প্রিতি জিনটা, দিয়া মির্জা এবং জেনেলিয়া ডি’সুজাকেও দেখা গেছে অনুষ্ঠানে।
অনুরাগ কাশ্যাপ, ভিশাল ভারাদওয়াজ, ভিকাস বেহেল, আব্বাস-মাস্তানদের মতো নির্মাতারাও নবদম্পতিকে আশির্বাদ করে গেছেন। এসেছিলেন প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরও। তবে তার স্ত্রী এবং শাহিদের সঙ্গে যার প্রেমের জোর গুঞ্জন শোনা গিয়েছিল এক সময়, সেই বিদ্যা বালান আসেননি অনুষ্ঠানে।
আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠানে নববধু মিরা রাজপুতের পরনে ছিল মনিশ মালহোত্রার নকশা করা সোনালি ও নীল ফুলেল লেহেঙ্গা চোলি। এর সঙ্গে মিলিয়ে নিরাভ মোদির নকশা করা হীরের গয়না পড়েছিলেন তিনি। ওদিকে কালো টাক্সিডো, সাদা শার্ট আর গলায় বো টাই নিয়েই কেতাদুরস্ত ছিলেন শাহিদ।
