২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪০ থেকে ৮৩ কেজির অর্জুন

২৬ জুন ত্রিশে পা দিয়েছেন এ প্রজন্মের ভারতীয় অভিনেতা অর্জুন কাপুর। 'ইশাকজাদে' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা এই তরুণ এরই মধ্যে নিজের স্থান পাকা করে নিয়েছেন। তার সম্পর্কে অজানা বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2015, 05:16 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

১. আজকের অর্জুন কাপুরের কিশোর বয়সের ছবি দেখলে অনেকেই তাকে চিনতে পারবেন না। ১৪০ কেজি ওজনের অর্জুন যখন অভিনেতা হবার ইচ্ছা প্রকাশ করেন, তখন সালমান খান তাকে ওজন কমানোর পথে নির্দেশনা দেন। প্রায় ৬০ কেজি কমিয়ে নিজের ওজন ৮৩ কেজিতে নিয়ে এসেছেন এই অভিনেতা।

২. অর্জুনের বন্ধুরা তাকে ডাকেন 'ফুবু' বলে। 'ফুবু' নামে মার্কিন একটি পোশাক ব্র্যান্ড রয়েছে যারা স্থূলকায় ব্যক্তিদের জন্য পোশাক বানিয়ে থাকে। নিজের মোটা গড়নের কারণেই এ নাম জুটেছিল তার।

৩. অর্জুনের বাবা বনি কাপুর যখন অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেন, তখন খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তার জীবনে বিপর্যয় নেমে আসে, যখন তার মা মোনা শোরি তার প্রথম সিনেমা 'ইশাকজাদে' মুক্তির ঠিক আগেই মারা যান। 

৪. সালমান খানের বোন অর্পিতার সঙ্গে দু বছর প্রেম করেন অর্জুন, এরপর তাদের সম্পর্ক ভেঙ্গে যায়।

৫. ছোটবেলা থেকেই কারিনা কাপুর খানের ভক্ত অর্জুন। কারিনার সঙ্গে কাজ করার স্বপ্ন তার পূরণ হতে যাচ্ছে। 'পা' খ্যাত পরিচালক আর বাল্কির নতুন সিনেমা 'হাউজ-হাজবেন্ড'-এ কারিনার বিপরীতে কাজ করবেন অর্জুন। এছাড়া অভিনেতাদের মধ্যে হৃত্বিক রোশানের ভক্ত তিনি।

৬. 'ইশাকজাদে'র মাধ্যমে পর্দায় অভিষেক হলেও চলচ্চিত্রে অর্জুনের ক্যারিয়ার শুরু হয় আরও আগে। ধারমা প্রোডাকশনের সিনেমা 'কাল হো না হো'তে নিখিল আদভানির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি, মাত্র ১৭ বছর বয়সে।