২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাপ্পী মানেই ধামাকা'

ঈদে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না বাপ্পী চৌধুরীর। তবে বলছেন এতে পিছিয়ে পড়ছেন না তিনি। তিনি মনে করেন, তার দর্শকরা তার সিনেমার জন্য অপেক্ষা করতে প্রস্তুত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 12:47 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

পুরনো খবর:

‘বাপ্পী মানেই নতুন কিছু’
সেরা হতে চান বাপ্পী

“বাপ্পীর সিনেমা মুক্তি মানেই ধামাকা। আমার সিনেমা মুক্তি মানেই ভিন্ন কিছু। আমার বিশ্বাস, আমার দর্শক আমার জন্য সত্যি অপেক্ষা করতে পারে।”

বাপ্পী এখন অভিনয় করছেন সোহেল বাবু পরিচালিত ‘বাজে ছেলে-দ্য লোফার’ সিনেমাতে। সিনেমাতে বাপ্পীর নায়িকা দিপালী ও আরশি। খুব শিগগিরই শুরু করবেন সৈকত নাসিরের ‘তালাশ’ সিনেমার কাজ। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে বিপাশা কবিরকে। হাতে আরও রয়েছে সাফিউদ্দিন সাফির ‘মিসডকল’।  এ সিনেমায় তাকে দেখা যাবে নতুন মুখ মুগ্ধতার বিপরীতে।

মাহিয়া মাহি, ববি হক ও আঁচল আঁখির মতো প্রতিষ্ঠিত নায়িকাদের সঙ্গে অভিনয় করে সাফল্যের মুখ দেখা বাপ্পী হঠাৎ কেন নবাগতাদের সঙ্গে অভিনয় করছেন, জবাব দিলেন সে প্রশ্নেরও।

“মাহি, ববি ও আঁচল ভীষণ ব্যস্ত অভিনেত্রী। তাদের শিডিউল মেলা খুব দুষ্কর। ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন নায়িকা সঙ্কট তীব্র। এখন সেরা নায়িকাদের অপেক্ষায় তো আমি বসে থাকবো না। বসে থাকবে না ইন্ডাস্ট্রি। নতুনদেরও উঠে আসতে হবে। আমিই পরিচালকদের বলছি, নতুনদের ব্যাপারে। নতুনদের সুযোগ দিলে তারাও ভালো করতে পারবে।”

অনেক সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও দৃশ্যায়ন প্রায়ই ভারতীয় সিনেমা থেকে হুবুহু নকল করা হচ্ছে, সে কথা মেনে নিয়ে বাপ্পী বললেন, “উপমহাদেশের সিনেমাগুলোর দিকে তাকালে দেখা যাবে, অনেক সিনেমার প্রেক্ষাপট অন্যটির সঙ্গে মিলে যাবে। নকলের অভিযোগ যা উঠছে, তা সত্যি। ভারতেও কিন্তু সিনেমা নকল হচ্ছে। তাদের সিনেমা কিন্তু হিট করছে, কিন্তু আমাদের সিনেমা হচ্ছে ফ্লপ। কারণ একটাই, তা হলো বাজেট। বাজেট বেশি হলে আয়োজন বেশি। আর তাতে গল্পটি আরও ভালোভাবে দর্শকের সামনে উপস্থাপন করা যায়। আমাদের ইন্ডাস্ট্রি এখনও খুব ছোট। নকলের অভিযোগ ঢালাওভাবে না করে সিনেমাতে লগ্নির পরিমাণ যেন আরও বাড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত।”

আরও বললেন তার উপর প্রযোজকদের আস্থা বাড়ছে আর তাই নিজেও বেছে বেছে কাজ করছেন।

“এখন সিনেমার সংখ্যা কমিয়ে দিয়ে কেবল ভাল সিনেমাতেই কাজ করতে চাইছি। সিনেমাতে অভিনয়ের অফার আসলো, আর আমি করে ফেললাম ব্যাপারটি তা নয়। চলচ্চিত্রের মাধ্যমে শুধু নিজেকে না, আমাকে দেশকেও উপস্থাপন করতে হয়। সে ভাবনা মাথায় রেখেই এখন আমি সত্যি সিরিয়াস হয়েছি।”

সাম্প্রতিক সময়ে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের হিড়িক পড়ে গেলেও বাপ্পী বলছেন, তিনি এখনও যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের ব্যাপারে কিছুই ভাবেননি। দেশ ও ঢাকাই সিনেমার স্বার্থবিরোধী চলচ্চিত্রে অভিনয় করতে রাজী নন তিনি।

বাপ্পী অভিনীত ‘অনেক দামে কেনা’, ‘আজব প্রেম’, ‘ওয়ান ওয়ে’ সিনেমাগুলো রয়েছে ‍মুক্তির অপেক্ষায়।