২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিতেই ‘এবিসিডি টু’র রেকর্ড

এক দিকে মুম্বাইজুড়ে মৌসুমী বৃষ্টির তাণ্ডব, অন্যদিকে রমযানের প্রথম দিন। সব মিলিয়ে ১৯ জুন, শুক্রবার যখন মুক্তি পেল ভারুন ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘এবিসিডি টু’, তখন এর ব্যবসা নিয়ে বেশ শঙ্কাতেই ছিলেন বাণিজ্য বিশ্লেষকেরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 05:51 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

কিন্তু সব ভয়কে জয় করে রেমো ডি’সুজা পরিচালিত সিনেমাটি ১৪ কোটির বেশি আয় করেছে। আর গড়েছে চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড।

বাণিজ্য বিশ্রেষক তারান আদার্শ এ ব্যাপারে টুইট করেন, “এবিসিডি টুর দারুণ শুরু। মুম্বাইয়ে ভারী বর্ষণের পরও শুক্রবারের সংগ্রহ ১৪ কোটি ৩০ লাখ রুপি। চলতি বছরের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় (এখনও পর্যন্ত)।”

তারান আদার্শের টুইট থেকেই জানা গেল, এর আগে ১৩ কোটি ৫ লাখ রুপি আয় করে উদ্বোধনী আয়ের দিক থেকে এক নম্বর স্থানটি ছিল আক্শায় কুমার অভিনীত ‘গাব্বার ইজ ব্যাক’-এর দখলে। ১০ কোটি ৫৩ লাখ রুপির আয় নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘দিল ধাড়াকনে দো’। অর্জুন রামপাল এবং রানবির কাপুর অভিনীত ‘রয়’ আছে চতুর্থ স্থানে, ১০ কোটি ৪০ লাখ রুপির আয় নিয়ে। আর ৯ কোটি ৩০ লাখ রুপি আয় নিয়ে পঞ্চম স্থানে আছে আক্শায় কুমার অভিনীত ‘বেবি’।

একদল নাচিয়ের দেশের বাইরে একটি নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি প্রথম তিন দিনে ৪৫ কোটি রুপির বেশী আয় করতে পারে- এমন ভবিষ্যদ্বাণীও করছেন ট্রেড পণ্ডিতেরা। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাজুড়ে নাচের বিনোদন থাকায় দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে সিনেমাটি।

ভারতের বাইরেও একই সময়ে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসা করছে সমানতালে। যুক্তরাষ্ট্রে ১৬টি হলে মুক্তি পেয়ে সিনেমাটি প্রথম দিনে আয় করে নিয়েছে ১৪ লাখ ডলার। 

মধ্যপ্রাচ্যেও ভাল ব্যবসা করছে ২০১৩ সালের ‘এবিসিডি’ (এনিবডি ক্যান ড্যান্স)-এর এই সিকুয়াল। রমযান মাসে হওয়া সত্ত্বেও সিনেমাটি প্রথম দিনে আয় করেছে প্রায় দুই কোটি রুপি।