২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাইমপাস’ প্রেমে আগ্রহী কাঙ্গানা

ভারতীয় অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত সম্প্রতি জানালেন, প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের বদলে ক্ষণিকের প্রণয়েই বেশি আগ্রহী তিনি, চলতি ভাষায় যাকে বলা চলে ‘টাইমপাস’ প্রেম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 03:59 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, ইমরান খানের বিপরীতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘কাট্টি বাট্টি’তে দেখা যাবে তাকে। সিনেমায় তার চরিত্র পায়েল প্রথাগত সম্পর্কে বিশ্বাসী নয়। বরঞ্চ ক্ষণিকের প্রেমেই তার আগ্রহ বেশি। সিনেমায় তাকে দেখা যায় ইমরান খান অভিনীত চরিত্রটির সঙ্গে বিয়ে ছাড়াই এক ছাদের নিচে বসবাস করতে।

সিনেমাটির ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে কাঙ্গানা বলেন, “আপনি যখন প্রেম করছেন, প্রথমেই আপনার মাথায় বিয়ের কথা আসবে না। কারণ শুরুতেই সম্পর্কের ধরনটি আপনি পুরোপুরি বুঝে উঠতে পারবেন না। অবশ্য, আমি ‘টাইমপাস’ প্রেমে খুবই আগ্রহী।”

কাঙ্গানা আরও বলেন বিয়ে না করে একসঙ্গে বসবাস করাটা দোষের ‍কিছু নয়। 

“একেক জনের কাছে ব্যপারটা একেক রকম। আমার মনে হয়, মানূষটি আপনাকে নিজের সম্পর্কে কেমন বোধ করাবে, তা নির্ভর করে তার উপর। যদি বিশ্বাস এবং আস্থা থাকে, তবে অবশ্যই সম্পর্কটিকে এক ধাপ এগিয়ে নিন।”

নিখিল আদভানির রোমান্টিক কমেডি ‘কাট্টি বাট্টি’ নিয়ে দারুন উচ্ছ্বসিত কাঙ্গানা। সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, “এটা একটা প্রেমের গল্প। তবে প্রেমের গল্পের মতো সমাপ্তি এর নাও হতে পারে। সিনেমার কাহিনি শুনেই এর ঘরানা সম্পর্কে আপনি বিচার করতে পারেন না। এই সিনেমা এবং এতে আমার চরিত্রটি আসলে কি নিয়ে, এটা বলা আসলেই কঠিন।”

সিনেমাটিতে ইমরান খান এবং তার চরিত্রের গুরুত্ব সমান দাবি করে কাঙ্গানা আরও বলেন, “এটা একটা ভালবাসার গল্প কিন্তু ইমরান এবং আমার - সিনেমায় সমান গুরুত্ব রয়েছে। আমার চেয়ে ইমরানের দৃশ্য সিনেমায় বেশি। কিন্তু তার মানে এই নয় যে, বিশেষ একটি চরিত্র এখানে দুর্বল।”

সহশিল্পী ইমরান খানের প্রশংসা ঝরে পড়লো কাঙ্গানার কণ্ঠে।

“কাজ করার জন্য ইমরান অসাধারণ। তিনি সব সময় ভারসাম্য বজায় রাখেন। কখনোই মেজাজ হারান না। তিনি খুবই শান্ত। কখনও তাকে চিৎকার করতে দেখা গেলেও পরের মুহূর্তে তাকে হাসতে দেখা যাবে।”