‘বেঁটে’ সাজতে রাজি নন সালমান
‘তানু ওয়েডস মানু’ নির্মাতার সঙ্গে কাজ করা হয়ে উঠলো না সালমান খানের। কারণ, সালমানকে একজন বেঁটে লোকের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক আনন্দ এল রাই।
‘রানঝানা’ এবং ‘তানু ওয়েডস মানু’ সিরিজের নির্মাতা জানান, তার নতুন সিনেমায় নায়কের চরিত্রটি একজন বেঁটে লোকের। আর সালমানকেই নায়ক হিসেবে চেয়েছিলেন তিনি। কিন্তু রাজি হননি 'দাবাং' খান।
অবশ্য সালমানের প্রত্যাখ্যানে রাগ করেননি আনন্দ এল রাই। তিনি বলেন, "আমরা এমন একটি পেশায় আছি, যেখানে আমরা মানুষকে গল্প বলি, আমরা সিনেমায় কাজ করি, চিত্রনাট্য নিয়ে কাজ করি, শিল্পীদের আমাদের সিনেমায় কাজ করার প্রস্তাব দেই। মাঝে মাঝে শিল্পীরা আমাদের প্রস্তাব পছন্দ করেন, মাঝে মাঝে করেন না। এটা কোনো বড় ব্যাপার নয়।"
নাচ-গান-অ্যাকশন নির্ভর ফর্মুলা চলচ্চিত্রের চেয়ে বিষয়ভিত্তিক সিনেমা নির্মাণের দিকেই ঝোঁক বেশি আনন্দ এল রাইয়ের। ২০১১ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘তানু ওয়েডস মানু’, যার সাফল্যের ধারাবাহিকতায় তিনি নির্মাণ করেন ‘রানঝানা’।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর সাফল্য উপভোগ করছেন আনন্দ। সমালোচকদের ব্যাপক প্রশংসা পাওয়ার পাশাপাশি সিনেমাটি চলতি বছর ভারতের প্রথম শত কোটি রুপি উপার্জনকারী সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।
