২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলর সুইফ্টের বিলবোর্ড জয়

সেরা শিল্পী, সেরা গায়িকা, সেরা অ্যালবামসহ আটটি বিভাগে পুরস্কার জিতে এবারের বিলবোর্ড অ্যাওয়ার্ডস আসর মাত করেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফ্ট। ব্রিটিশ তারকা স্যাম স্মিথ, র‌্যাপার ইগি অ্যাজালিয়া এবং আর অ্যান্ড বি তারকা ফ্যারেল তিনটি করে পুরস্কার জিতেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 01:36 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

সেরা শিল্পীর পুরস্কার অর্জন করার পথে টেইলর সুইফ্ট পেছনে ফেলেন ওয়ান ডিরেকশন, স্যাম স্মিথ, আরিয়ানা গ্রান্ডে এবং কেটি পেরিকে। এছাড়াও তিনি বাগিয়ে নেন বিলবোর্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং টপ হান্ড্রেড ও টপ টু হান্ড্রেড আর্টিস্ট অ্যাওয়ার্ড। তার ‘নাইন্টিন এইটি নাইন’ অ্যালবামটি জিতে নেয় সেরা অ্যালবামের অ্যাওয়ার্ড।

সেরা পুরুষ শিল্পীর পুরস্কার বাগিয়ে নেন ব্রিটিশ শিল্পী স্যাম স্মিথ। সেরা নতুন শিল্পীর অ্যাওয়ার্ডও জয় করেন তিনি। ওদিকে সেরা র‌্যাপ শিল্পীর পুরস্কার জিতে নেন ইগি অ্যাজালিয়া আর সেরা আর অ্যান্ড বি শিল্পীর খেতাব জয় করেন ফ্যারেল।

ওয়ান ডিরেকশন জিতে নেয় টপ ট্যুরিং আর্টিস্ট এবং টপ ডুয়ো/গ্রুপ-এর অ্যাওয়ার্ড। ওদিকে সেরা রক আর্টিস্ট এবং রক গানের অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন হোজিয়ের। ‘ঘোস্ট স্টোরি’ অ্যালবামের জন্য সেরা রক অ্যালবামের অ্যাওয়ার্ড জিতে নেয় কোল্ডপ্লে।