‘সবারই নিজস্ব ‘আগ’ রয়েছে’
মুক্তি পেয়েই বক্স-অফিসে মুখ থুবড়ে পড়েছে অনুরাগ কাশ্যাপ পরিচালিত ‘বোম্বে ভেলভেট’। এবার তার কাটা ঘায়ে নুন ছিটালেন আরেক নির্মাতা রাম গোপাল ভার্মা। তার নির্মিত ‘আগ’-এর সঙ্গে ‘বম্বে ভেলভেট’-এর তুলনা করেছেন তিনি।
‘বম্বে ভেলভেট’কে নিয়ে একের পর এক আক্রমণাত্মক টুইট করেন রাম গোপাল ভার্মা।
প্রথম টুইটে তিনি বলেন, “আত্মবিশ্বাস আর ঔদ্ধত্যের মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম এবং ‘ভেলভেট’ ও ‘আগ’ই পারে সেই পার্থক্য বোঝাতে।”
পরের টুইটে তিনি বলেন, “মোদ্দাকথা হলো সবারই নিজেস্ব ‘আগ’ রয়েছে, এবং যতক্ষন না পর্যন্ত কেউ নিজের ‘আগ’ না বানাচ্ছে, অন্যদের ‘আগ’ নিয়ে তারা গালি দিতে থাকে।”
সবার শেষে তিনি বলেন, “যেহেতু আমিই হলাম ‘আগ’-এর প্রথম নির্মাতা, আমার মনে হয় অধিকার রয়েছে তাদেরকে ভেলভেটের কুশনে শুইয়ে স্বান্তনা দেওয়ার, যারা ভবিষ্যতে ‘আগ’-এর মতো সিনেমা তৈরি করবে।”
ভারতের সর্বকালের অন্যতম সফল হিন্দি সিনেমা ‘শোলে’র আনুষ্ঠানিক রিমেইক ‘আগ’ ২০০৭ সালে নির্মাণ করেন রাম গোপাল ভার্মা। সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার পর বক্স-অফিসেও ফ্লপ হয় অজয় দেবগন, অমিতাভ বচ্চন, সুস্মিতা সেন অভিনীত সিনেমাটি।
রানবির কাপুর এবং আনুশকা শর্মা অভিনীত ‘বম্বে ভেলভেট’ নিয়ে প্রত্যাশা আকাশচুম্বি হলেও সমালোচকদের কাছে থেকে মিশ্র প্রতিক্রিয়াই পাচ্ছে এটি। সেই সঙ্গে মুক্তির প্রথম দিন মাত্র পাঁচ কোটি রুপি আয় করা সিনেমাটি দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে প্রযোজকদের কপালে।
টুইটারে অনুরাগ কাশ্যাপের সমালোচনায় মুখর হলেও এক কালে তার সহকর্মী ছিলেন রাম গোপাল ভার্মা। তার পরিচালিত ‘সাত্যা’র চিত্রনাট্য লিখেছিলেন অনুরাগ। আরজিভির আরও একটি সিনেমা ‘কউন’-এর সংলাপ রচয়িতাও ছিলেন অনুরাগ।
