২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্মাতার পাম দ্য'অর জয়

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো কোনো নারী নির্মাতা পেতে যাচ্ছেন অনারারি পাম দ্য'অর। চলতি বছরের উৎসবে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে বর্ষীয়ান ফরাসি নির্মাতা অ্যাগনেস ভারদার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 04:29 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

উৎসবের আয়োজকদের সূত্র ধরে বিবিসি বলছে, বিশেষ এই সম্মাননা এখন পর্যন্ত পেয়েছেন মাত্র তিন জন নির্মাতা। তারা হলেন -  উডি অ্যালেন (২০০২), ক্লিন্ট ইস্টউড (২০০৯) এবং বার্নার্দো বার্তোলুচ্চি (২০১১)।

অনারারি পাম দ্য'অর পদক মূলত দেওয়া হয় এমন কোনো নির্মাতাকে, যিনি এর আগে পাম দ্য'অর পাননি কিন্তু তার কাজ বিশ্বব্যাপী স্বীকৃত।

ফরাসি সিনেমার ইতিহাসে নতুন ধারা প্রচলনে অগ্রণী ভূমিকা রেখেছেন ৮৬ বয়সী ভারদা। তার প্রথম সিনেমা 'লা পয়েন্তে কোর্তে' মুক্তি পায় ১৯৫৪ সালে। এছাড়া উল্লেখযোগ্য কাজ হলো 'ভ্যাগাবন্ড', যা ১৯৮৫ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের শীর্ষ সম্মাননা গোল্ডেন লায়ন জিতে নেয়।

১২ দিনের উৎসবে এক আলাদা অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হবে ভারদাকে। পদকটি হস্তান্তর করা হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ২৪ মে।