ডেমি মুরের পোশাক চুরি
মার্কিন অভিনেত্রী ডেমি মুরের বেশ কিছু পোশাক চুরি হয়েছে। নর্থ হলিউডের স্টোরেজ ইউনিট থেকে খোয়া যাওয়া পোশাকগুলোর দাম অন্তত ২ লাখ ডলার বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
টিএমজি বলছে, সম্প্রতি পুলিশ সেখানে গিয়ে আবিষ্কার করে, স্টোরেজে অনেক বেশি জায়গা খালি পড়ে রয়েছে। চুরি হওয়া পোশাকগুলির ভেতরে এমন পোশাকও রয়েছে, যেগুলো আর কখনও পাওয়া যাবে না বলে দাবি করেছেন 'স্ট্রিপটিজ' খ্যাত এই অভিনেত্রী। পুলিশের কাছে তিনি চুরি হওয়া পোশাকগুলোর একটি বিস্তারিত তালিকা দিয়েছেন।
স্টোরেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জোর করে অনুপ্রবেশের কোনো আলামত তারা খুঁজে পাননি মুরের স্টোরেজে। মুর বলছেন, তার সন্দেহ স্টোরেজের কর্মচারীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
গত ছয় মাসে এই স্টোরেজ দেখভালের জন্য কেউ না আসায়, চুরি আসলে ঠিক কবে হয়েছে, এ বিষয়ে তদন্ত করাটা কঠিন হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, এক বছর আগে চুরির ঘটনা ঘটে থাকলে নজরদারী ক্যামেরার মাধ্যমে চোরকে শনাক্ত করা সম্ভব হবে না। কারন সিসি ক্যামেরায় এতদিন আগের ফুটেজ পাওয়া যায় না।
