২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক সংগ্রামের নয় সিনেমা

যুগে যুগে শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম ও আন্দোলন নানাভাবে ঠাঁই করে নিয়েছে সেলুলয়েডে। শ্রমিক দিবসে এমন নয়টি সিনেমার কথা না বললেই নয়। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

১. হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি (১৯৪১)

“একজন ভাল শ্রমিক ভাল বেতনের অধিকার রাখে এবং সে তার অধিকার নিয়েই ছাড়বে।”- চিরকাল ধরে পুঁজিপতিদের শোষণ এবং বঞ্চনার বিপরীতে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে যে আপ্তবাক্যটি শ্রমিকদের সাহস জুগিয়ে এসেছে, সেই কথাটিকেই নতুনভাবে চিনিয়েছিলেন জন ফোর্ড সেই চল্লিশের দশকের শুরুতেই। চারবার অস্কারজয়ী এই নির্মাতা এর আগেও পুঁজিবাদী ব্যবস্থায় সাধারণ মানুষের সংগ্রাম এবং বিশ্বমন্দার প্রভাব নিয়ে তৈরি করেছিলেন ‘দ্য গ্রেইপস অফ র‌্যাথ’-এর মতো কালজয়ী সিনেমা। কিন্তু সেরা সিনেমা, সেরা পরিচালক, পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতাসহ পাঁচটি অস্কার জয় করা এই সিনেমার আবেদন বরাবরই অন্যরকম।

‘দ্য গ্রেইপস অফ র‌্যাথ’-এর মতোই এই সিনেমাটিও জন ফোর্ড তৈরি করেছিলেন একটি উপন্যাস থেকে। রিচার্ড লিউলিনের সেই গল্পে উঠে আসে দক্ষিণ ওয়েলশের এক খনি শ্রমিক পরিবারের কাহিনি। খনির মালিকদের পরিবেশের উপর অত্যাচারে কিভাবে নিজেদের জীবিকা ও জীবন দুটোই খোয়াতে বসে মরগ্যান পরিবার- সিনেমাটি সেসব ঘটনারই আখ্যান। একই সঙ্গে নিজেদের অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়াটা কত জরুরি, আর সে কারণেই শ্রমিক ইউনিয়নের গুরুত্ব কতখানি- তার ওপরও জোর দেয় সিনেমাটি।

২. নেটিভ ল্যান্ড (১৯৪২)

“সকল মার্কিন, সে যে জাতের কিংবা যে বর্ণেরই হোক না কেন, তাদের সবারই অধিকার রয়েছে জীবিকার, বাসস্থানের, পর্যাপ্ত খাদ্যের, চিকিৎসার, সংঘবদ্ধভাবে কোনো কিছুর দাবি তোলার, সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ ভালো করার, শান্তিতে থাকার, হুমকির সম্মুক্ষিণ না হওয়ার এবং হুমকিতে না পড়ার।”

লিও হারউটজ এবং প্রখ্যাত আলোকচিত্রী পল স্ট্র্যান্ডের এই প্রামাণ্যচিত্রটির শেষে ভেসে আসে এই কথাটি। পল রবসনের জাদুকরী কণ্ঠে এই ঘোষণাই যেন মনে করিয়ে দেয় মৌলিক অধিকারের দাবি তুলতে পারে সমাজের যে কোনো স্তরের মানুষ। খেটে খাওয়া মানুষও যার ব্যতিক্রম নয়।

চল্লিশের দশকের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে শ্রমিকরা যেমন একাধারে সংঘবদ্ধ হচ্ছিলেন নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে, ঠিক তেমনি ভাবেই বুর্জোয়া মালিকপক্ষ তৈরী হচ্ছিল তাদের দমনে। শ্রমিক ইউনিয়নগুলোর পেছনে গুণ্ডা লেলিয়ে, গুম খুন করে ছত্রভঙ্গের অনেক চেষ্টাই সেসময় করেছে মালিকপক্ষের ‘ইউনিয়ন বাস্টার্স’রা। তখনকার সেসব সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয় প্রামাণ্যচিত্রটি, যার অন্যতম সম্পদ ছিল পল রবসনের কণ্ঠে এর নেপথ্য বয়ান।

৩. অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪)

হলিউডের কিংবদন্তী নির্মাতা এলিয়া কাজান একবার তার কাজ সম্পর্কে বলেছিলেন, “আমি কোনো কাজ নিয়ে এগুতে পারিনা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এর মূল ধারণাটির সঙ্গে আমার এক ধরনের আত্মীক যোগাযোগ তৈরি হয়।”

প্রগতিশীল চিন্তাধারার এই নির্মাতা সব সময়ই তৈরি করেছেন এমন সব বিষয়ভিত্তিক সিনেমা- যা ‍তুলে ধরে সেই সব সমাজতান্ত্রিক মূল্যবোধ আর আদর্শকে যা তিনি নিজে সবসময় লালন করেছেন।

‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ও সেদিক থেকে ব্যতিক্রম নয় একেবারেই। ‘নেটিভ ল্যান্ড’ যেমন করে দেখায় শ্রমিক সংগঠনগুলোর বিরূদ্ধে মালিকপক্ষদের দমননীতির সূচনাকে, ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেই সব দুর্নীতির চূড়ান্ত পরিণতিকে।

নিউ জার্সিতে বন্দর শ্রমিকদের সংগঠন ইন্টারন্যাশনাল লংশোরমেন্স অ্যাসোসিয়েশন কিভাবে মালিক পক্ষের চক্রান্তে একটি সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়, সেই সত্যি ঘটনা নিয়েই সিনেমাটি তৈরি করেছিলেন কাজান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তারই প্রিয় শিষ্য মার্লোন ব্র্যান্ডো। এই সিনেমার মাধ্যমেই অভিষেক ঘটে অভিনেত্রী ইভা মারিয়া সেন্টের। চিত্রনাট্য লিখেছিলেন বাড শুলৎজ।

১২টি মনোনয়নের মধ্যে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কারসহ আটটি অস্কার জিতে নিয়ে ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ পরিণত হয় কাজানের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমায়। সমালোচকদের পাশাপাশি দর্শক মহলেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল সিনেমাটি।

৪. দ্য পাজামা গেইম (১৯৫৭)

অধিকার আদায়ের জন্য লড়ে যাওয়া এক পোশাক শিল্পকর্মীর সঙ্গে ওই প্রতিষ্ঠানেরই সুপারভাইজারের প্রেম এবং শেষে বেতন বাড়ানোর লড়াইয়ে জেতা- এরকম এক গল্প নিয়েই ব্রডওয়ের জনপ্রিয় 

মঞ্চ নাটক থেকে দারুণ সফল এই মিউজিকাল কমেডি সিনেমাটি তৈরি করেন স্ট্যানলি ডোনেন এবং জর্জ অ্যাবোট।

সিনেমার প্রধান চরিত্রে বেইব উইলিয়ামসের চরিত্রে ডরিস ডের স্বতস্ফূর্ত অভিনয় মন জয় করে নিয়েছিল সবার। এছাড়া সিনেমার ‘রেসিং দ্য ক্লক’, ‘স্টিম হিট’ এবং ‘সেভেন অ্যান্ড আ হাফ সেন্ট’ শ্রমিক সংগঠনের কর্মীদের মুখে মুখে ফিরেছে অনেকদিন ধরে।

৫. আ’ম অল রাইট জ্যাক (১৯৫৯)

শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে কিভাবে লাভের মুখ দেখা সম্ভব- মালিকপক্ষের এরকম নিচু মানসিকতাকে কটাক্ষ করেই জন এবং রয় বোল্টিং তৈরি করেছিলেন ব্রিটিশ এই বিদ্রুপাত্মক কমেডিটি। সিনেমার প্রধান চরিত্র স্ট্যানলি উইন্ডরাশের চরিত্রে অভিনয় করে বাফটায় সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছিলেন ইয়ান কারমাইকেল।

সেনাবাহিনি থেকে ফেরত এসে বেকার স্ট্যানলি কাজ পেয়ে যায় মামার ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় । সেখানকার শ্রমিকনেতা ফ্রেড কাইটের সঙ্গে শুরুতে ভুল বোঝাবুঝি হলেও পরে তারই অধীনে কাজ করতে শুরু করে সে। ওদিকে কারখানায় আবির্ভাব হয় ওয়াটার্স নামের এক লোকের। যে এসেই মালিকপক্ষকে বোঝানো শুরু করে মানুষের চেয়ে যন্ত্রের মাধম্যেই কাজ অনেক ভালভাবে গুছিয়ে নেওয়া সম্ভব। আর তাতেই ধর্মঘটে চলে যায় কারখানার শ্রমিক ইউনিয়ন।

এদিকে নিজেদের কারখানায় ঠিক এরকম একটা গোলযোগ চাইছিল মালিক পক্ষ। কারণ এতে করে মধ্যপ্রাচ্যের এক দেশের কাছে বেশি টাকায় অস্ত্র বিক্রি করা যাবে। কিন্তু সমস্যাটা হয় তখনই, যখন ধর্মঘট থেকে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। আর টিভিতে এক সাক্ষাৎকারে সবার গোমর ফাঁস করে দেয় স্ট্যানলি।

৬. দ্য অর্গানাইজার (১৯৬৩)

ইতালি, ফ্রান্স আর যুগোস্লাভিয়ার যৌথ প্রযোজনার এই সিনেমাটি গল্প বলে এক পালিয়ে বেড়ানো অধ্যাপকের, ঘটনাচক্রে যে বনে যায় একটি শ্রমিক সংগঠনের অধিকার আদায়ের সংগ্রামের নেতা। সিনেমাটি আরও তুলে ধরে শ্রমিকদের বিপজ্জনক পরিবেশে দিনে ১৪ ঘণ্টা খাটুনির অমানবিক পরিস্থিতিকেও।

মারিও মনচেল্লির পরিচালনায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত ইতালীয় অভিনেতা মার্সেলো মাস্ত্রোয়ানি। সিনেমাটি সে বছর সেরা চিত্রনাট্যের জন্য মনোনীত হয়েছিল অস্কারের আসরে।

৭. হারলান কাউন্টি, ইউএসএ (১৯৭৬)

অস্কারজয়ী এই তথ্যচিত্রটিকে ধরা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিরাপদ কর্ম পরিবেশ এবং শ্রমিক অধিকার আন্দোলনের ওপর সেলুলয়েডে সবচেয়ে গুরুত্বপূর্ কাজগুলোর একটি হিসেবে।

শ্রমিক অধিকার নিয়ে এক সময় সরাসরি কাজ করা নির্মাতা বারবারা কপোল বরাবরই পরিচিত এই বিষয়ে দারুণ সব তথ্যচিত্র পরিচালনার কারণে। কপোলের শুরুটা ছিল এই ‘হারলান কাউন্টি, ইইএসএ’ দিয়েই।

তিন মিনিটের এই তথ্যচিত্রে তিনি তুলে এনেছেন বঞ্চনা আর ভয়ঙ্কর সব নিষ্ঠুরতার শিকার হওয়া কয়লা শ্রমিকদের কথা, যারা প্রচণ্ড অনিরাপদ পরিবেশে কাজ করতে করতে এক সময় গর্জে ওঠেন প্রতিবাদে। কেনটাকির হারলান কাউন্টির ডিউক পাওয়ার কোম্পানির ১৮০ জন কয়লাশ্রমিক এবং তাদের পরিবারের সংগ্রাম, ক্ষতিপূরণের জন্য অপেক্ষা আর একটু ভালোভাবে বাঁচতে চাওয়ার আকাঙ্ক্ষা- এর সবই দারুণভাবে উঠে এসেছে তথ্যচিত্রটিতে।

৮. নরমা রে (১৯৭৯)

বারবার বাধার সম্মুখিন হয়েও ন্যায়ের দাবিতে অটল থাকা, নিজের কাজের মাধ্যমে অন্যদেরকেও অনুপ্রাণিত করা এবং শেষমেষ লড়াইয়ে জয়ী হওয়া- সত্তরের দশকে পোশাক শিল্পকর্মী থেকে ইউনিয়ন সংগঠক বনে যাওয়া ক্রিস্টাল লি সুটনের গল্পটা এরকমই। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়েই ১৯৭৯ সালে মার্ন রিট তৈরি করেন ‘নরমা রে’ সিনেমাটি।

ক্রিস্টালের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সৃষ্ট চরিত্র ‘নরমা’র ভূমিকায় অভিনয় করে স্যালি ফিল্ড জিতে নেন তার প্রথম অস্কার। ৪৫ লাখ ডলার বাজেটের ওই সিনেমা সে বছর ব্যবসাও করেছিল দারুণ। সবমিলিয়ে ২২ কোটি ডলারের বেশি ব্যবসা করা সিনেমাটি সমালোচক, দর্শক- দুই মহলেই অর্জন করেছিল সমান গ্রহণযোগ্যতা।

৯. মেইটওয়ান (১৯৮৭)

সময় ১৯২০ , স্থান পশ্চিম ভার্জির্নিয়ার মেইটওয়ান নামের এক ছোট্ট শহর। এখানেই কয়লাশ্রমিকদের অসন্তোষের বিষ্ফোরণ ঘটেছিল যা পরে রূপ নেয় ব্যাটেল অফ মেইটওয়ান নামের রক্তক্ষয়ী এক সংগ্রামে। ছয় দশক পরে এই ঘটনাকে উপজীব্য করেই নির্মীত হয় মার্কিন ড্রামা ফিল্ম ‘মেইটওয়ান’।

দারুণ সিনেমাটোগ্রাফি, অসাধারণ গল্প এবং তার থেকেও অসাধারণ অস্কারজয়ী অভিনেতা ক্রিস কুপারের অভিনয়। সব মিলিয়ে জন সেইলসের পরিচালনায় শ্রমিক সংগ্রামের ওপর অনবদ্য এক সিনেমা হিসেবেই ধরা হয় এটিকে।