২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দায় 'মন্দ' পুলিশ নয়

পর্দায় পুলিশকে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানিয়ে নোটিশ পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৩১ মার্চ পাঠানো এক নোটিশে নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজকদের প্রতি অভিযোগ এনে বলা হয়, বিভিন্ন নাটক ও সিনেমায় পুলিশকে ‘নেতিবাচক ও হাস্যকরভাবে’ উপস্থাপন করা হচ্ছে, যার ফলে আইনের শাসন প্রতিষ্ঠার পথ ‘বাঁধাগ্রস্ত’ হচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 11:27 AM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুলিশ আরও বলছে, যাচাই-বাছাই না করে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক প্রচার অপরাধীদের অপরাধকর্মে ‘উৎসাহিত’ করছে। তাদের অভিযোগ, ‘বিরূপ’ প্রচারের ফলে জনগণ পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে ‘আস্থাহীন’ হয়ে পড়তে পারে। 

নোটিশে আরও বলা হয়, “নাটক বা সিনেমা নির্মাতাগণ পোশাক ব্যবহারের ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে কোনো পূর্বানুমতি গ্রহণ করেন না এবং সরকার অনুমোদিত ড্রেস রুল মানছেন না, যা প্রচলিত আইন ভঙ্গের শামিল ও দণ্ডনীয় অপরাধ।”

পুলিশের এমন বক্তব্যকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি দেখছে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে। তারা জোর গলায় বলছে, পুলিশকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে না যা আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা হতে পারে। 

গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় সিনিয়র নির্মাতা গুলজার বলেন, “সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশেও নানা দুর্নীতি হয়। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নিয়ে থাকে। আমরা চলচ্চিত্রে ন্যায়-সত্য-বিজয়ের কথাই বলি, যেখানে সৎ-সাহসী-মেধাবী পুলিশ কর্মকর্তাদের কথাই বলছি। আমরা সত্যি কাহিনিকেই পর্দায় উপস্থাপন করছি। আমরা অসৎ পুলিশের নানা অপকর্মের কথা বলছি, তাতেই আপত্তি জানাচ্ছে পুলিশ। কিন্তু গণমাধ্যমে যখন ফলাও করে প্রচারিত হয় তাদের কথা, তখন তো কোনো প্রতিবাদ জানায় না পুলিশ। যত দোষ চলচ্চিত্র, আর নাটকের!”

পুলিশ প্রশাসনকে সহায়তা করা ও ইতিবাচকভাবে উপস্থাপন করা চলচ্চিত্রেরও দায় বলে জানান তিনি। পুলিশের পোশাক ব্যবহারের ক্ষেত্রে পরিচালকরা যেন পূর্বানুমতি নিয়ে রাখেন তা চিঠির মাধ্যমে পরিচালকদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Image
 ছবি: ‘ঘোমটা’ ধারাবাহিকের সেট থেকে। 

 ছবি: ‘ঘোমটা’ ধারাবাহিকের সেট থেকে। 

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির আহ্বায়ক ও সেন্সর বোর্ডের সিনেমা রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দিন দিলু এ বিষয়ে বলেন, “যে কোনো সিনেমা মুক্তির আগেই তো সেন্সর সনদ পেতে হয়, আর এই সেন্সর সনদের রিভিউ কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। যদি পুলিশকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েই থাকত, তবে তো মাননীয় সচিবই আপত্তি জানাতেন। পুলিশ হয়তো বিষয়টি জানেই না।”

তিনি বলছেন, সিনেমায় যেন পুলিশকে সঠিকভাবে উপস্থাপন করা হয় তাতে চলচ্চিত্র প্রযোজকরাও সতর্ক রয়েছেন। পুলিশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা তাদেরও কাম্য নয়।

পুলিশের নোটিশ গিয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ জানালেন, তারা নোটিশ পেয়েছেন, তারা ভাবছেন বিষয়টি নিয়ে। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেল আই, চ্যানেল নাইন, আরটিভি। তারা সবাই বলছে, নাটকে পুলিশকে সঠিকভাবে উপস্থাপন করার বিষয়টি নিয়ে তারা ভাবছেন। খুব শিগগিরই তারা তাদের অবস্থান জানাবেন।