২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র দিবসের দায়সারা উদযাপন

প্রথম সারির তারকাদের অনুপস্থিতিতে বড় দায়সারাভাবে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫। কেবল চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী ও চলচ্চিত্র প্রকাশনা বিষয়ক স্টল সাজিয়ে আয়োজিত একটি মেলাতেই সারা হচ্ছে তিন দিনের আনুষ্ঠানিকতা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 06:09 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রদান অনুষ্ঠানের কারণেই ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজনটি ‘জৌলুস হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র কলাকুশলীরা। তাদের অনুযোগ, “এত বড় উৎসবের মধ্যে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানটি না করলেই ভালো হতো।”

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলছিলেন, “প্রথম সারির তারকারা উপস্থিত থাকলে হয়তো আরও বর্ণিল হতো অনুষ্ঠানটি। তাদের নিয়ে হয়তো বিনোদনমূলক অনুষ্ঠানও হতে পারতো।”

পরিচালক সমিতির নেতারা বলেন, শুক্রবার উদ্বোধনীর পর চলচ্চিত্রাঙ্গন যতটা মুখরিত হয়ে উঠতে পারতো, ততটা হয়নি। দিনভর দেখা মেলেনি প্রথম সারির তারকাদের। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেলো, তারকাদের অনেকেই ব্যস্ত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে।

রাজ্জাকের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। দেখা মেলেনি ফারুক, এটিএম শামসুজ্জামান, আলমগীরদের মতো সিনিয়র তারকাদের। নায়িকাদের মধ্যে এসেছিলেন পপি,সিমলা ও মেহের আফরোজ শাওন। অপু-মাহি-পরী সবাই ব্যস্ত সিনেমার শুটিং আর প্রচারের কাজে।

উদ্বোধনী দিনে শেষ বিকালে দেখা পাওয়া যায় ওমর সানি, সায়মন, নিরব, জায়েদ খান, শিরিন শিলার মতো তারকাদের। ভক্তদের সঙ্গে সেলফি, আড্ডায় খানিকটা সময়ও কাটিয়েছেন তারা।

এবারের উৎসবের সবচেয়ে বড় চমকপ্রদ খবরটি ছিল মান্না ডিজিটাল কমপ্লেক্সের নাম বদলে রাখা ডিজিটাল কমপ্লেক্স রাখা। 

Image
এফডিসিতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এফডিসিতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
এফডিসিতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এফডিসিতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডিজিটাল কমপ্লেক্স থেকে মান্নার নামটি মুছে ফেলায় উষ্মা প্রকাশ করেছেন মান্নার সহশিল্পী সিমলা ও পপি। তারা বলছেন, “এই সিদ্ধান্তটি হয়তো একান্তই কর্তৃপক্ষের। কিন্তু চলচ্চিত্রের অশ্লীলতা প্রতিরোধের মতো বড় একটি আন্দোলনের নেতা মান্নার স্মৃতিচিহ্নকে এভাবে মুছে ফেলা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।”
 

এদিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সৌজন্যে জহির রায়হান কালার ল্যাবে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘মনপুরা’, ‘আসিয়া’র। উন্মুক্ত প্রদর্শনীর অংশ হিসেবে তৃতীয় দিনে প্রদর্শিত হবে ‘রূপবান’, ‘উত্তরের সুর’, ‘পোড়ামন’, ‘শুনতে কি পাও!’।

চলচ্চিত্র দিবস উদযাপন করছে শিল্পকলা একাডেমিও। জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের নিচ তলায় চলছে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। সেখানে ঠাঁই পেয়েছে বাংলা চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তীদের প্রতিকৃতিও।