২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে ব্যবসাসফল ‘বিগ হিরো সিক্স'

চলতি বছরের সেরা অ্যানিমেটেড ফিল্মের অস্কার জেতা ‘বিগ হিরো সিক্স’ এবার অর্জন করলো ২০১৪ সালের সেরা ব্যবসাসফল অ্যানিমেটেড মুভির খেতাব। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করে নিয়েছে ৬২ কোটি ডলার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ডিজনির এই সিনেমাটি কেবল যুক্তরাষ্ট্রেই আয় করেছে ২২ কোটি ডলারের ওপরে। ডিজনির সর্বকালের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমার তালিকায় তিন নম্বরে উঠে এলো ‘বিগ হিরো সিক্স’।

ডন হল এবং ক্রিস উইলিয়ামস পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ‘ট্যাঙ্গেল্ড’কে ছাড়িয়ে গেছে। তবে পিছিয়ে আছে ‘ফ্রোজেন’ এবং ‘দ্যা লায়ন কিং’-এর খেকে।

চীনেও আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। ৫ কোটি ডলারের বেশি আয় করে ‘বিগ হিরো সিক্স’ই এখন দেশটিতে ডিজনির সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।

ওদিকে মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে সিনেমাটি এখন সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমা।  

দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং জাপানেও দাপটের সঙ্গে ব্যবসা করেছে ‘বিগ হিরো সিক্স’। এই তিন দেশে এখন ডিজনির দ্বিতীয় সর্বাধিক ব্যবসাফল সিনেমা এটি।

মার্ভেলের একই নামের কমিক্স থেকে নির্মীত ‘বিগ হিরো সিক্স’ এর গল্প আবর্তিত হয়েছে বেইম্যাক্স নামের এক হাসিখুশি নাদুস-নুদুস রোবট এবং তার সঙ্গী কিশোর বিজ্ঞানী হিরো হামাদাকে ঘিরে। বেইম্যাক্স আর নিজের চার বন্ধুকে নিয়ে হিরো গড়ে তোলে এক হাই-টেক সুপার হিরোর দল।