জেরেমি ক্লার্কসনকে বরখাস্ত করলো বিবিসি
‘টপ গিয়ার’ সিরিজের উপস্থাপক জেরেমি ক্লার্কসনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিবিসি। প্রযোজকদের সঙ্গে বিবাদে জড়ানোর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবিসি এক সূত্রের বরাত দিয়ে বলছে, একটি ঘটনায় ক্লার্কসনের সঙ্গে এক প্রযোজকের দ্বন্দ্ব হয়। এক সপ্তাহ আগে ঘটা এই ঘটনার জের ধরে ঐ প্রযোজকের গায়ে হাতও তোলেন তিনি।
এরই মধ্যে জানানো হয়েছে, আগামী রবিবার প্রচারিত হচ্ছে না ‘টপ গিয়ার’ এর পরবর্তী পর্ব।
গতবছরের মে মাসেও শুটিং এর সময় বিদ্বেষমূলক শব্দ ব্যবহার করায় ৫৪ বছর বয়সী ক্লার্কসনকে শেষবারের মতো সতর্ক করে বিবিসি। সে সময় বলা হয়েছিল পরবর্তীতে আক্রমণাত্মক আচরণ লক্ষ্য করলে বিবিসি তাকে বহিষ্কার করবে।
একটি বিবৃতিতে বিবিসি জানায়, “প্রযোজকদের সঙ্গে ক্লার্কসনের বিবাদের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি ছাড়া আর কাউকে বরখাস্ত করা হয়নি। পরবর্তী রবিবার ‘টপ গিয়ার’ এর একটি পর্ব প্রচারিত হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। এ ব্যাপারে বিবিসি আর কোনো মন্তব্য করবে না।”
বাতিল হয়ে যাওয়া ‘টপ গিয়ার’ এর পর্বটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিংবদন্তী ব্রিটিশ ফুটবলার গ্যারি লিনেকারের। ‘টপ গিয়ার’ নিয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর তিনি টুইট করেন, “আমি জানি না কখনও টপ গিয়ারে অতিথি হতে পারবো কিনা।”
ক্লার্কসনের জন্য এর আগেও বিতর্কের মুখে পড়েছে ‘টপ গিয়ার’। গত বছর আর্জেন্টিনায় একটি বিশেষ পর্বের শুটিং করতে গিয়ে পুরো ইউনিট প্রাণনাশের হুমকিতে পড়ে যায়। ‘এইচ নাইন এইট টু এফএলকে’ লেখা একটি গাড়ির নেমপ্লেট নিয়েই শুরু হয় বিতর্ক। অনেকে ধারণা করেন, এটি ১৯৮২ সালে ব্রিটিশ ও আর্জেন্টাইনদের মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধের ইঙ্গিত দেয়। ‘টপ গিয়ার’ এ ব্যবহৃত গাড়িগুলো লক্ষ্য করে অনবরত ছোঁড়া হয় পাথর এবং পঁচা ডিম।
মায়ানমারেও একটি পর্বের শুটিং করার সময় এশীয়দের নিয়ে ক্লার্কসনের করা একটি মন্তব্য বিতর্কের ঝড় তোলে।
