২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের লাখো রুপি জরিমানা

বাড়ির সামনে অবৈধ স্থাপনা নির্মাণের খেসারত দিতে হচ্ছে হিন্দি সিনেমার অভিনেতা শাহরুখ খানকে। স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার পর এখন তার কাছ থেকেই এর খরচ বাবদ প্রায় দুই লাখ রুপি আদায়ের পদক্ষেপ নিয়েছে মুম্বাইয়ের নগর কর্তৃপক্ষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 08:03 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বেশ কয়েক বছর আগে শাহরুখ খান তার ভ্যানিটি ভ্যান মুম্বাইয়ে নিজ বাসভবনের সামনে পার্ক করার সুবিধার্থে নির্মাণ করিয়েছিলেন একটি পাটাতন। তবে ‘মান্নাতের’ সীমানার অনেক বাইরে এসে পাটাতনটি নির্মাণ করায় এটি ছিল অবৈধ। সড়কের ধার ঘেঁষে অবস্থান হওয়ায় জনসাধারণের চলাচলেও বাঁধা সৃষ্টি করছিল এটি। শেষ পর্যন্ত ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের সিদ্ধান্তে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাটাতনটি। সেই সঙ্গে কিং খানকে এখন গুনতে হবে এক লাখ ৯৩ হাজার রুপির জরিমানা।

২০১৩ সালে প্রথমবারের মতো এই অবৈধ পাটাতনটি নিয়ে অভিযোগ তোলে স্থানীয় এক বেসরকারী প্রতিষ্ঠান। তখন থেকেই এ ব্যাপারে নিজেদের বক্তব্য জানিয়ে ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বরাবর চিঠি লিখে আসছিলেন তারা। এই ব্যাপারে তাদের তরফ থেকে শাহরুখের বিরূদ্ধে একটি মামলাও করা হয়।

চলতি বছরের ২৯ জানুয়ারি সাংসদ পুনাম মহাজন মিউনিসিপাল কমিশনার সীতারাম কুন্তেকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন এবং জনসাধারণের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এরপর কুন্তের আদেশে ৫ ফেব্রুয়ারি পাটাতনটি এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার জন্য শাহরুখকে আইনি নোটিশ পাঠানো হয়। শাহরুখকে এও জানানো হয়, তিনি এই কাজে ব্যর্থ হলে, তারা নিজেরাই পাটাতনটি গুঁড়িয়ে দেবেন।

নোটিশে কোনো কাজ না হলে ২০ দিন আগে নগর কর্তৃপক্ষ নিজেরাই পাটতনটি গুঁড়িয়ে দেয়। 

পুরনো খবর:

শাহরুখের দাম ৭৫ হাজার রুপি!