বিবারের গান বদলে দিল দুই পাকিস্তানি কিশোরীর জীবন
লাহোরের শহরতলীতে সাদামাটা এক পরিবারের বাড়ির ছাদই এখন গোটা পাকিস্তানের উৎসাহের কেন্দ্রবিন্দু। তাবেদার পরিবারের দুই কিশোরী সানিয়া এবং মুকাদ্দাস যে এখানেই আয়োজন করেন তাদের ‘ওপেন এয়ার কনসার্ট’-এর। যেখানে মার্কিন পপতারকা জাস্টিন বিবারের গান ‘বেইবি’ গেয়ে তারা মন জয় করে নিয়েছেন গোটা পাকিস্তানের।
১৫ বছর বয়সী সানিয়া এবং তার ১৩ বছর বয়সী ছোট বোন মুকাদ্দাস এখন পরিচিত ‘জাস্টিন বিবিস’ নামেই। দুই বোনের গানের সঙ্গে তার মায়ের হাড়ি পিটিয়ে তাল মেলানোর ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
এরপর থেকেই পাকিস্তানে বিখ্যাত হয়ে যায় এই কিশোরীরা। সম্প্রতি তাদের নিয়ে অনুষ্ঠান প্রচার করেছে দেশটির একটি টিভি চ্যানেল। এমনকি বিবিসিতেও প্রকাশিত হয়েছে তাদের সাক্ষাৎকারসহ একটি প্রতিবেদন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিরা বলছেন জাস্টিন বিবারের থেকেও গানটি ভাল গেয়েছেন ‘জাস্টিন বিবি’রা।
নিজেদের গান গাওয়ার আগ্রহ নিয়ে সানিয়া বলেন, “আমরা সেই ছোটবেলা
থেকেই গান গাই। আমাদের পরিবারের অনেকেও গান গায়। আমরা সব ধরনের পাকিস্তানি আর বলিউডি গান গাইতে পারি।”
তবে জাস্টিন বিবারের প্রতি তাদের ভালোবাসা একটু বেশিই।
“তবে জাস্টিন বিবারকে আমাদের একটু বেশিই ভাল লাগে, কারণ তার গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়।”
“আমরা যখন প্রথম ‘বেইবি’ শুনলাম, সঙ্গে সঙ্গেই আমরা নাচতে আর লাফতে শুরু করে দিলাম। গানটিতে আমরা পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম।”
মুকাদ্দাস গানটি কম করে হলেও শুনেছেন ৭০ বার। তার ভাষ্যে, “আমি যখন গানটি শুনলাম, তখন আমি খাওয়া-দাওয়া ভুলে গিয়েছিলাম। গানটি পুরোপুরি মুখস্থ না হওয়া পর্যন্ত বারবার শুনেছি।”
জাস্টিন বিবারের ভক্ত তাদের মা শাহনাজ তাবেদারও।
তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমার মেয়েদের জীবনে এত কিছু ঘটে গেছে। সবকিছুর জন্য জাস্টিন বিবারকে ধন্যবাদ জানাই। আমি তাকে অনেক পছন্দ করি। জাস্টিন বিবারকে আমার নিজের ছেলের মতো মনে হয়।”
তাবেদার পরিবার খুবই গরীব হওয়ায় প্রাথমিকের পরই থমকে যায় দুই বোনের শিক্ষা জীবন। এমনকি, ইংরেজি না জানায় ‘বেইবি’র কথা উর্দূতে লিখে মুখস্ত করতে হয়েছে সানিয়া ও মুকাদ্দাসকে।
কিন্তু এই একটি গানের মাধ্যমেই দেশব্যাপি বিখ্যাত হয়ে যাওয়ায়, নিজেদেরকে ভাগ্যবতী মনে করছেন তারা।
“এই গানটি আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। কারণ এখন আমরা বিখ্যাত হয়ে গেছি।”
তাদের দৈনন্দিন জীবনেও বড় পরিবর্তন এনেছে গানটি। মুকাদ্দাসের ভাষ্যে, “ এভাবে বিখ্যাত হয়ে উঠবো, এমন কিছু স্বপ্নেও ভাবিনি আমরা। এই ভিডিওটার জন্যই আমরা জীবনে প্রথমবারের মতো প্লেনে চড়েছি এবং আমাদের টিভিতে দেখানো হয়েছে।”
সানিয়া বলেন, “আমাদের চুল সাজানো হয়েছে, মেইক-আপ করানো হয়েছে। এর আগে কখনো আমরা বিউটি পার্লারে যাইনি। সব কিছুই আমাদের কাছে যাদুর মতো মনে হয়েছে। জানি না এরপরে আরও কি ঘটবে।”
শাহনাজ তাবেদার চান তাদের মেয়েদের গায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হোক। পাশাপাশি তাদের পড়াশোনাও ফের চালু করতে চান তিনি।
“আমি চাই, আমার মেয়েরা একদিন ভারত ও পাকিস্তানে পেশাদার সংগীতশিল্পীতে পরিণত হোক। আশা করি এর জন্য সব ধরনের সহযোগিতা তারা পাবে।”
“আর আমি সত্যিই চাই, তারা স্কুলে ফিরে যাক।”
সানিয়া আর মুকাদ্দাসের বাবাও তার মেয়েদের সাফল্যে গর্বীত। পাকিস্তানে প্রকাশ্যে মেয়েদের গান গাওয়াকে রক্ষণশীল চোখে দেখা হয়। তবে তাদের বাবা দাবী করেন, তিনি তার মেয়েদের গান গাওয়া নিয়ে কোনো সমালোচনার মুখোমুখি হননি।
“আমার মেয়েরা এমন কিছু করে দেখিয়েছে, যা অনেক মেয়েই করতে পারেনা। তারা ইংরেজি গান গায়, যেটা তাদের জন্য খুবই কঠিন। তারপরেও তারা সেটা সামলে নিতে পারে।”
এদিকে সানিয়া আর মুকাদ্দাসের এখন স্বপ্ন পুরো দুনিয়া ঘুরে দেখার। বিশেষ করে তাদের ‘স্বপ্নতারকা’ জাস্টিন বিবারের সঙ্গে দেখা করার।
“আমাদের সবচেয়ে বড় স্বপ্ন জাস্টিন বিবারের সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে গান গাওয়া।”
