'যে কোনো প্রতিবাদের ভাষা হতে পারে গানটি'
শাওন মাহমুদ, স্বনামে যেমন পরিচিত তেমনই জন্মদাতার নামে। ‘একুশের গান’-এর সুরকার শহীদ আলতাফ মাহমুদের একমাত্র উত্তরসুরী তিনি। বিচিত্র বিষয়ে প্রতিভাধর শিল্পীর কন্যাটিও শিল্পী। নতুন সংগীতায়োজনে শাওন ‘একুশের গান’ নতুনভাবে এনেছেন নতুন প্রজন্মের জন্য, বাবার স্মৃতি রক্ষায় ফাউন্ডেশন গড়েছেন, বাবার নামে স্মৃতি পদক প্রবর্তন করেছেন, একটি পলাশ গাছও বুনে এসেছেন শহীদ মিনারে।
এবছর ভাষা আন্দোলনের বাষট্টি বছর পূর্ণ হয়েছে। গানটির গীতিকার অনেক আগেই পরবাসী হয়েছেন, সুরকারকেও পাওয়া যায় না আর। একুশের গান এবং আলতাফ মাহমুদকে জানতে তাই যেতে হয় শাওনের কাছেই। তার কাছ থেকে আরও জানা যায় সমকালীন চর্চায় একুশের চেতনা ও তার ভবিষ্যত।
‘একুশের গান’, গানটি ছোটবেলায় শিখেছি, শেখ লুতফর রহমান চাচুর কাছ থেকে। আমার বাবা যার অন্যতম সঙ্গী। তাঁদের অনেক গণসংগীত আছে যেগুলো একসঙ্গে সুর করা, একসঙ্গে গাওয়া। দল যাকে বলে। পরবর্তীতে দেখলাম, সাধারণত একুশের গানটির প্রথম ছয় লাইন গাওয়া হয়। এটা প্রথমে কবিতা ছিল, পরে গানে রূপ দেয়া হয়। পুরো গানে বিভিন্ন ভাঙ্গাগড়া আছে, বিরহ আছে, দেশের প্রতি প্রেমের কথা আছে। আমার মনে প্রশ্ন জাগে, পুরো গানটা কেন করি না আমরা? প্রতিবাদ শুধু ‘একুশে’র জন্য তা নয়। আমাদের যে কোনো প্রতিবাদের ভাষা হতে পারে গানটি। রক্তে কাঁপন ধরানোর মত ক্ষমতা আছে গানটার। এ প্রজন্মের জন্য নতুন করে গানটি করার পরিকল্পনা নিয়ে অবস্কিওরের সঙ্গে বসেছি গত বছর, আমাদের প্রায় মাসখানেক লেগেছে সংগীতায়োজনের পুরো পরিকল্পনা করতে। আবার নতুন করে বাবাকে আবিষ্কার করলাম।
বাবার নামে ওয়েবপেইজ তৈরি করতে গিয়ে তাঁর পূর্ণাঙ্গ জীবনী তৈরির প্রয়োজন হয়। সেসময় বিভিন্ন রকমের তথ্য পেয়েছি গানটি নিয়ে। ১৯৫৩ সালে গানটির গীতিকার গাফফার চৌধুরীর কাছে গিয়ে বাবা বলেছিলেন, ‘আমি তো আবার একটা সুর দিয়েছি গানটায়’। বাবা একটু পাগলাটে ছিলেন এসব ব্যাপারে। গাফফার চাচ্চু জানতে চেয়েছিলেন, ‘কি সুর করেছো’? বাবা তাঁকে গেয়ে শোনান তারপর বাবা আর গাফফার চৌধুরী লতিফ চাচার কাছে যেয়ে নতুন করা সুরটি শোনান। গাইবার পরে লতিফ চাচ্চু বলেছিলেন, ‘না, তোরটাই গাইবো’। সুরটা প্রতিষ্ঠা পায় সেই সময়েই। তখন পুরোটাই গাইতেন তারা, আর প্রভাত ফেরিও প্রভাতেই হতো। রাত বারোটা এক মিনিটে নয়।
বাবাকে জানতে গিয়ে দেখেছি, গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, পাড়া-মহল্লায় এমন কোনও অনুষ্ঠান নেই যেটাতে তিনি অংশগ্রহন করেননি। পকেটের টাকা খরচ করে হলেও তিনি গান শুনিয়ে এসেছেন। দেশের যে কোন সংগঠনের প্রতিবাদ মিছিলে তিনি পোস্টার, প্ল্যাকার্ড আঁকতেন নিজের হাতে। রিহার্সাল করে নিমেষেই একটা অনুষ্ঠান দাড় করিয়ে দেওয়া-- এটা একজন ‘আলতাফ ভাই হলে আর কাউকেই লাগত না’ সে সময়। ১৯৫২ থেকে ১৯৭১ আলতাফ মাহমুদ এসেছিলেন এক ধূমকেতুর মত ।
মুক্তিযুদ্ধ শুরু হবার পর বাবা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য গান পাঠাতেন, শুনেছি, জানালা-দরজা বন্ধ রেখে একদম অন্ধকার করে মোম জ্বালিয়ে গান লেখা হতো। শিমুল খালাকে বলতেন, ‘তুই মুখস্থ রাখ’। মুখস্থ রেখে সেগুলো পরে স্পুলে রেকর্ডিং করতেন। কাগজে লিখলে সেটা ছিড়ে ফেলে দিতেন। শেষ যে স্পুল স্বাধীন বাংলায় পাঠানো হয় সেটাও হারিয়ে যায়, এবং বহনকারী ছেলেটা ধরা পড়ে। শুধু ক্র্যাক প্লাটুন না অনেক মুক্তিযোদ্ধাই মেলাঘর থেকে আমাদের বাসায় এসে আশ্রয়-বিশ্রাম নিতেন। যার ফলে আমাদের ৩৭০ আউটার সারকুলার রোডের বাসাটির নাম হয়ে যায় ‘একাত্তরের দুর্গবাড়ি’।
বাবার স্মৃতি রক্ষার্থে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন করেছি ২০০৫ সালে। ফাউন্ডেশনের মাধ্যমে বাবার নামে পদক প্রবর্তন করেছি। এ পদক হস্তান্তরের মাধ্যমে বেবি ইসলাম, ড. এনামুল হক, সাবিনা ইয়াসমিন, অজিত রায়, খোন্দকার নুরুল আলম, সুধীন দাস, বিপুল ভট্টাচার্য, আলম খান, অধ্যাপক রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক, মুস্তাফা মনোয়ার, মোহম্মদ শাহনেওয়াজ, কাইয়ূম চৌধুরী, আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রমুখ নামগুলোর প্রতি শদ্ধা জানাতে চেয়েছি।
সারাক্ষনই আমি তাঁকে অনুভব করতে পারি। কারণ আমার বেড়ে ওঠা মুক্তিযোদ্ধাদের মধ্যে। সেটা ক্র্যাক প্লাটুন বলি আর আমাদের পরিবারের যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কথাই বলি। আমরা একটা সময় পর্যন্ত একান্নবর্তী পরিবারে থেকেছি। সেখানে আমি আলতাফ মাহমুদ ছাড়া কিংবা মুক্তিযুদ্ধ ছাড়া কিছু চিন্তা করতে শিখিনি। বড় হওয়ার পর আলতাফ মাহমুদ আমার কাছে কখনও শোকের বিষয় হয়ে থাকেননি, শোক কাটিয়ে গর্ব হয়ে উঠেছেন।
