২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে কোটি টাকার উপহার!

২২শে ফেব্রুয়ারি ডলবি থিয়েটারে, সেরার স্বীকৃতি পাওয়ারা হয়তো উঁচিয়ে ধরবেন তাদের মহামূল্যবান অস্কার ট্রফিটি। কিন্তু যারা পুরস্কার পাবেন না, তারাও কিন্তু ফিরবেন না খালি হাতে। অস্কার কর্তৃপক্ষ যে তাদের জন্য প্রায় কোটি টাকা মূল্যমানের উপহার সামগ্রীর ব্যবস্থা করেছে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 03:12 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

প্রতিবারই অস্কারের প্রধান পাঁচ বিভাগে মনোনীতদের জন্য অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয় উপহারসামগ্রী, যা ‘গুডি ব্যাগস’ নামেই পরিচিত। এবারের সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রী এবং সেরা পরিচালক বিভাগে মনোনীতরাও পাচ্ছেন এমনই সব গুডি ব্যাগস।

এরকম একেকটি গুডি ব্যাগে এবার থাকছে এক লাখ ২৫ হাজার ডলারের উপহার সমগ্রী। বাংলাদেশি অর্থে যার মূল্যমান ৯৭ লাখ টাকারও বেশি।

ভ্যারাইটি ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবারের মতো উচ্চমানের প্রসাধনী এবং নানা বিলাসদ্রব্যের পাশাপাশি এবারের গুডি ব্যাগসে সংযুক্ত করা হয়েছে বেশ কিছু চমকপ্রদ উপহার। এরমধ্যে রয়েছে ইতালির টাসকানিতে এক অভিজাত রিসর্টে তিন রাত থাকার ব্যবস্থা; যার মূল্যমান দেড় হাজার ডলার। কানাডার রকি মাউন্টেইনের ভেতর দিয়ে একটি বিলাসবহুল ট্রেন সফরের কুপন; যার মূল্যমান সাড়ে ১৪ হাজার ডলার। হোটেলে না থেকে যারা প্রাকৃতিক পরিবেশেই সব সুযোগ-সুবিধা নিয়ে তাবু খাটিয়ে থাকতে পছন্দ করেন, তাদের জন্য সাড়ে ১২ হাজার ডলারের উচ্চমানের ক্যাম্পিং ট্রিপ। সিলভারকারের তরফ থেকে বছরব্যাপী একটি অডি গাড়ি ভাড়া নেওয়ার গিফ্ট কার্ড, যার মূল্যমান ২০ হাজার ডলার।

আরও আছে, রিসেট ইওরসেল্ফ লাইফস্টাইলের তরফ থেকে ১৪ হাজারের বেশি ডলারের মেইকওভার প্যাকেজ।  দেড় হাজার ডলারের প্রাকৃতিক ভূমধ্যসাগরীয় সামুদ্রিক লবণ, রূপার একটি করে হার, যেখানে ডলবি থিয়েটারের অবস্থান খোদাই করা আছে, ২৫০ ডলারের হেইজ ভেপোরাইজার, একই মূল্যের আফটারগ্লো ভাইব্রেট, ৮০০ ডলারের ক্যান্ডি এবং ডেসার্ট বাফের গিফ্ট কুপন, ওয়েলনেস থ্রিসিক্সটির ১২০০ ডলারের গিফ্ট প্যাক।

তবে এই তালিকার সবচেয়ে দামি উপহারটি হল ২০ হাজারের ডলারের একটি উপহার সনদ। এর মাধ্যমে প্রত্যেক তারকা সুযোগ পাবেন এনিগমা লাইফের প্রতিষ্ঠাতা ওলেসিয়া ক্যান্টর সঙ্গে ব্যাক্তিগতভাবে দেখা করে তাদের ২০১৫ সালের রাশিফল এবং সেই অনুযায়ী তাদের ভবিষ্যত পরিকল্পনাকে সফল করার মানসিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করতে!