২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসানের নতুন গান

ভালোবাসা দিবসে অনলাইনে মুক্তি পেলো তাহসানের নতুন গান ‘এসো না’। তবে বিনামূল্যে নয়, গানটি শুনতে হলে শ্রোতাকে নগদ অর্থ গুনতে হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 08:13 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

নাগিব হকের ‘অঙ্কটা ভুল’

শনিবার দুপুরে সংগীতবিষয়ক ওয়েবসাইট ইটিউনসে প্রকাশিত হয় ‘এসো না’ গানটি। গানটির কথা লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী। সুর ও সংগীতায়োজন করেছেন প্রবাসী সংগীত পরিচালক নাগিব হক। তাদের প্রতিষ্ঠান  জাদুঘরের ব্যানারেই ইটিউনসে প্রকাশিত হয়েছে গানটি।

প্রবাসী নাগিব দেশে ফিরে প্রথমবারের মতো তাহসানের সঙ্গে কাজ করলেন। হাবিব, ন্যান্সির মতো শিল্পীদের জন্য গান লেখা সাথীও প্রথমবারের মতো লিখলেন তাহসানের জন্য।

তাহসান গ্লিটজকে বলেন, “নাগিবের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলাম। দারুণ কাজ করে নাগিব। ওর সংগীতায়োজনে আমি মুগ্ধ। গানটির প্রচারণা ও বিক্রয় পুরো ব্যাপারটি হচ্ছে অনলাইনে। এখন শ্রোতারা আরও সহজে আমাদের গান শুনতে পারবেন।”

গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথী গ্লিটজকে বলেন, “ রোমান্টিক গানটি অনেকটাই সিনেমাটিক। তাহসানের কন্ঠে এটিই আমার প্রথম গান। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে। আমরা বাংলা গানে নতুন একটি ধারার তৈরির চেষ্টা করছি। এ গানটি তারই একটি পদক্ষেপ।”  

অনলাইনে প্রচারণা ও বিক্রির বিষয়ে সাথী বলেন, “ শ্রোতারা এখন আর সিডি কিনতে চান না।  এখন অডিও ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের নতুন উপায় খুঁজে বের করতে হবে। অনলাইনে  প্রচার ও প্রকাশনা হলে শ্রোতাদের জন্য বিষয়টি যেমন সহজ হবে, শিল্পীরাও প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হবেন না।”

সংগীতায়োজক নাগিব বলছেন, “গানটির মাধ্যমে শ্রোতারা নাগিব হককে নতুনভাবে আবিস্কার করতে পারবেন। গানটির সুর ও গায়কীতে নতুনত্বের স্বাদ পাবে তারা। আর তাহসানের মতো শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ।”

সাথী জানিয়েছেন, গানটি ডাউনলোড করতে হলে যে কোনো মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ৬৯৬৯ নম্বরে TAHSAN লিখতে হবে। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ডাউনলোড লিঙ্কটি।  ইটিউনসের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করা যাবে ‘এসো না’ গানটি।

সাথী-নাগিবের মিউজিক প্রডাকশন হাউজ জাদুঘরের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। জাদুঘরের ব্যানারে শীঘ্রই প্রকাশিত হবে নাগিব হকের প্রথম একক অ্যালবাম ‘অঙ্কটা ভুল’। ১৫টি গানের সবগুলোই লিখেছেন সাথী। সুর ও সংগীতায়োজন নাগিবের। ইতোমধ্যে অ্যালবামের ‘মিথ্যে’, ‘ছেঁড়া’, ‘শেষ কথা’, ‘হোয়াট ইউ নিড টু নাইট’ গানগুলো প্রকাশ করেছে জাদুঘর।