২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলুলয়েডে ভালোবাসার নানা রং

ভালোবাসার রয়েছে অনেকগুলো ধাপ। প্রতিটি ধাপেই মুখোমুখি হতে হয় নতুন ধরনের পরিস্থিতির। ঘাবড়ে যাবেন না। সমাধান দিতে না পারলেও এসব পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত করে তুলতে পারে সিনেমা। কারণ প্রতি পরিস্থিতির জন্যই রয়েছে অন্তত একটি করে হলেও হলিউডি সিনেমা। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 05:37 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

বিয়ের আগে

হয়তো আপনি সেই সৌভাগ্যবানদের একজন যিনি খুঁজে পেয়েছেন সেই সঙ্গীকে যার সঙ্গে বিয়ের বাঁধনে জড়াতে চান। আপনার জন্য উপযুক্ত সিনেমাটি হচ্ছে 'হার্ট অ্যান্ড সোলস'। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া হালকা কমেডি এবং রোমান্সে ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন হলিউডের 'আয়রনম্যান' রবার্ট ডাউনি জুনিয়র।  

নতুন সম্পর্ক

নতুন প্রেমে পড়লে সবকিছুই সুন্দর মনে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সঙ্গীর ব্যক্তিত্বের বিভিন্ন দিক প্রকাশিত হতে থাকে। আর তখনই শুরু হয় সম্পর্কের আসল পরীক্ষা। বেন স্টিলার অভিনীত 'দ্য হার্টব্রেক কিড'-এর কাহিনিও অনেকটা এমনই। 

মজবুত সম্পর্ক

সম্পর্ক কতখানি মজবুত তা তখনই বোঝা সম্ভব যখন নানা চড়াই উতরাই পেরিয়েও তা টিকে থাকবে। 'ব্রেভহার্ট'-এ চোখে পড়ে তেমনই এক সম্পর্ক। মেল গিবসন অভিনীত মধ্যযুগের পটভূমিতে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে দৃঢ়প্রতিজ্ঞ এক সেনাপতি এবং তার সৈন্যদলের কাহিনি। 

একতরফা ভালোবাসা

একতরফা ভালোবাসার চাইতে কষ্টের কিছু হতে পারে না, তার ওপর যদি মনের মানুষটির পছন্দ হয় অন্য কাউকে। এমনই পরিস্থিতির কথা তুলে ধরে জ্যাক নিকলসন এবং মেরিল স্ট্রিপ অভিনীত 'হার্টবার্ন'।

সমাজের বাধা

প্রেমের সম্পর্কে অনেক সময়ই বাধা হয়ে দাঁড়ায় সমাজ। এক্ষেত্রে অনুপ্রেরণা জাগাতে পারে 'দ্য নরমাল হার্ট'। মূলত সমকামীদের নিয়ে নির্মিত সিনেমা হলেও এতে উঠে এসেছে নিষিদ্ধ প্রেমের গল্প। এতে দেখা গেছে 'দ্য বিগ ব্যাং থিওরি'র জিম পারসনস, মার্ক রাফালো এবং জুলিয়া রবার্টসকে।

দ্বিতীয় সুযোগ

রোমান্টিক ড্রামা 'ক্রেজি হার্ট'- এ দেখা যায় এক বিস্মৃত গায়কের জীবনে নতুন করে ভালোবাসার আগমন ঘটে। উল্টে যায় সব হিসেবের ছক। আইএমডিবিতে ৭ দশমিক ৩ রেটিং পাওয়া 'ক্রেজি হার্ট'এ অভিনয় করেছেন জেফ ব্রিজেস এবং ম্যাগি গিলেনহাল।

হারিয়ে যাওয়া প্রেমের খোঁজে

ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পর তাকে ফিরে পাবার যুদ্ধ কেমন হতে পারে, তা বুঝতে হলে দেখতে হবে 'এ মাইটি হার্ট'। হারিয়ে যাওয়া এক সাংবাদিকের খোঁজে পাকিস্তানে পাড়ি জমান তার স্ত্রী। বায়োপিক ধাঁচের এই সিনেমায় মূল চরিত্রে রূপদান করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

বিচ্ছেদের পরে

বিচ্ছেদের বেদনা ভোলা মোটেও সহজ নয়। কিন্তু শেষ হয়ে যাওয়া সম্পর্কের ছায়ায় দিন যাপন করা কি উচিত? জন ক্যুসাক অভিনীত 'হাই ফিডেলিটি' বলতে চায় প্রেম সবসময়ই জীবনে আনন্দ বয়ে আনে না। মাঝে মাঝে একা থাকাও হতে পারে আনন্দের।