এবার বুড়ো আমির
বলিউডের ‘দ্য পারেফকশনিস্ট' খান আমির, চমকে দিলেন আবারও। নতুন সিনেমার জন্য নতুন নতুন রূপে হাজির হওয়া আমিরকে এবার দেখা গেল বুড়োর বেশে। 'দাঙ্গাল' সিনেমার জন্য এই রূপ ধারণ করেছেন তিনি।
বলিউড হাঙ্গামা জানাচ্ছে ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনীনির্ভর সিনেমাটিতে আমিরই অভিনয় করবেন প্রধান চরিত্রে। কুস্তিগীরের মতো শরীর গড়তেই এই কয়েক মাস নানা ধরনের শারীরিক প্রশিক্ষণে সময় কাটিয়েছেন আমির। আর সে কারণেই বোধহয় স্ত্রী কিরণ রাওকে পাশে নিয়ে তোলা সাম্প্রতিক ছবিটিতে তাকে দেখা গেল বেশ স্বাস্থ্যবান হিসেবেই।
এর আগেও চরিত্রে প্রয়োজনে নিজের ভোল পাল্টে নিতে দেখা গেছে আমিরকে। ‘লাগান' সিনেমায় নিজেকে গড়ে তুলেছেন এক গ্রাম্য যুবকের মতো করে। 'থ্রি ইডিয়টস'-এ কলেজপড়ুয়া সরল ছাত্রের ভুমিকায় মানিয়ে গেছেন অবলীলায়। ‘গাজনি'তে সেই আমিরই আবার সিক্স প্যাক নিয়ে হাজির হয়েছেন ন্যাড়া মাথায়।
কেবল আমিরের ‘দাঙ্গাল'ই নয়, আরও দুটি সিনেমা আসছে যেখানে সালমান খান এবংজন অ্যাব্রাহাম অভিনয় করছেন কুস্তিগীরের ভূমিকায়। আর এ দুটি সিনেমাই নির্মিত হতে যাচ্ছে গামা পালোয়ানের জীবনীর ওপর ভিত্তি করে।
