‘আলোচনায় আসতে কাঠখড় পোড়াতেই হবে’
মডেলিংয়ে আসনটা বেশ পোক্ত করে তুলেছিলেন তানজিন তিশা। সহকর্মীরা একে একে অভিনয়ে পাড়ি জমাতে শুরু করলে, নিজেও আটঘাট বেধে নেমে পড়লেন অভিনয়ে। অন্য অনেকের মতো তারও চোখ চলচ্চিত্রের দিকেই।
গ্লিটজকে তিশা বললেন, “আমি অভিনয়ে এসেছি চলচ্চিত্রের অভিনেত্রী হতে। তবে তার আগে নাটকে কাজ করে অভিনয়ের ক্ষেত্রে নিজেকে ঝালিয়ে নিতে চাই।”
সম্প্রতি ফয়েজ আহমেদ রেজার ‘ছেঁড়া দ্বীপ’ টেলিফিল্মের সেটে কথা হচ্ছিল এই নবাগতার সঙ্গে। মডেলিং থেকে অভিনয়ে আসা, অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাসহ গ্লিটজের নানা প্রশ্নের জবাব দিলেন তিশা।
তিশা বলছেন, বিজ্ঞাপনে কাজ করার সময় বেশ কবার অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু অপেক্ষা করছিলেন ‘সেরা সময়ের’। অনেক অপেক্ষার পর সেরা সময় এলো যখন, তিশা তখন মডেলিং থেকে সরে এসে নিয়মিত হয়ে পড়েছেন নাটকে।
“আমি মঞ্চনাটক থেকে আসিনি, তাই অভিনয়ের অনেক কিছুই জানি না। কিন্তু ধীরে ধীরে নিজেকে আমি গুছিয়ে নিচ্ছি। অভিনয়ের জায়গা থেকে নিজেকে আরও পাকাপোক্ত করতে চাইছি।”
তিশা জানেন, এত নবাগতার ভিড়ে আলোচিত হওয়া চাট্টিখানি কথা নয়। নিজেকে সেভাবে ‘প্রস্তুত’ করছেন বলেও জানান তিনি।
“সিনিয়র তিশা (নুসরাত ইমরোজ) ইতোমধ্যেই বেশ নাম কুড়িয়েছেন। আমাকে আলোচনায় উঠে আসতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে। কাজটি বেশ কঠিন। কিন্তু আমাকে যে পেরে উঠতেই হবে।”
নাটকে অভিনয়ের ক্ষেত্রে তিশা প্রস্তুত যে কোনো ‘চ্যালেঞ্জিং’ চরিত্রের জন্য। এমনকি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করতেও মুখিয়ে আছেন তিনি।
তবে অভিনয়ের ব্যস্ততায় বিজ্ঞাপনকে কিন্তু বিদায় বলছেন না এখনই। বিজ্ঞাপনেই পরিচিতি পাওয়া এই অভিনেত্রী নিয়মিত কাজ করবেন বিজ্ঞাপনে।
অভিনয়ের ক্ষেত্রে কাউকে অনুসরণ করেন কি না এমন প্রশ্নে তিশার ত্বরিৎ উত্তর, “আমি কখনও কাউকে অনুসরণ করি না। আমি সবার অভিনয় দেখি, তাদের অভিনয় থেকে ভালো দিকগুলো আমি নোট রাখি।”
তিশা অভিনীত ‘ছেঁড়া দ্বীপ’ টেলিফিল্মটি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে। এই টেলিফিল্মে তিশাকে অভিনয় করতে হয়েছে রাখাইন এক মেয়ের চরিত্রে। টেলিফিল্মে তিশার চরিত্রের নাম মহুয়া। তিশা বলছেন, এই চরিত্রটি তার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ চরিত্র।
“প্রথমবারের মতো কোনো চরিত্র নিয়ে এত বেশি পড়াশোনা করতে হয়েছে আমাকে। সত্যি বলছি, চিত্রনাট্য নিয়ে এত বেশি পড়াশোনা আমি কখনো করি নাই। রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রা নিয়ে আমাকে পড়তে হয়েছে। কুয়াকাটায় শুটিং করতে গিয়ে মনে হল, আসলে এ ধরনের চরিত্রে অভিনয় খুব কঠিন।”
ভালোবাসা দিবস উপলক্ষে তিশা আরও অভিনয় করেছেন ‘হানিমুন’, ‘এন্টি রোমান্টিক’, ‘অবশেষে একদিন’, ‘অচেনা বন্ধু’, ‘ জানে তুমি আসবে ফিরে’ নাটকগুলোতে।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের পরিচালনায় ‘ব্যাকডেটেড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তানজিন তিশা। আরও অভিনয় করেছেন রেদওয়ান রণির ‘ইউটার্ন’, বি ইউ শুভর ‘সোনালী রোদ্দুর’, সাজ্জাদ সুমনের ‘কাঠ গোলাপের বসন্ত’, হিমেল আশরাফের ‘অন্তর্জাল’ নাটকে।
ছবি--- অরুণ আলোক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
