২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাটাফাটি ফেব্রুয়ারি 

বছরের সবচেয়ে ছোট মাস হলেও এই ফেব্রুয়ারিতেই মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু প্রতিক্ষীত এবং বড় বাজেটের সিনেমা। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:24 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

১. জুপিটার অ্যাসেন্ডিং

মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৪ সালের গ্রীষ্মেই। কিন্তু মিলা কিউনিস আর চ্যানিং ট্যাটাম অভিনীত সিনেমাটিতে দুই হাজারেরও বেশি স্পেশাল ইফেক্ট সম্বলিত দৃশ্য সংযোজন করতেই নির্মাতাদের দেরি হলো একটু। সাই-ফাই অপেরা ঘরানার সিনেমাটি গল্প বলবে জুপিটার জোন্সের। ভবিষ্যতের দুনিয়ার রানি হতে চলা এই তরুণীকেই শত্রুদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে কেইন ওয়াইজ নামের জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড এক যুবক। অনেকেই বলছেন, সিনেমায় কিউনিসকে দেখা যাবে মহাজাগতিক এক রাজকন্যার বেশে, অন্যদিকে চ্যানিং ট্যাটাম আবির্ভূত হবেন বরাবরের মতোই মারদাঙ্গা অবতারে।

‘স্টার ওয়ার্স’ এবং ‘মেট্রিক্স’ সিরিজের যারা ভক্ত, তাদের জন্যই এই সিনেমাটি - এমনটাই বলছেন বোদ্ধারা। যুক্তরাষ্ট্রে ৬ ফেব্রয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে সিনেমাটি।

২. ফিফটি শেডস অফ গ্রে

ই এল জেমসের ইরটিক উপন্যাস ‘ফিফটি শেডস অফ গ্রে’ অবলম্বনে সিনেমা নির্মাণের ঘটনা শুরু থেকেই আলোড়ন তুলেছিল এতে থাকা অন্তরঙ্গ যৌনদৃশ্যের কারণে। ইউনিভার্সাল পিকচার্স প্রযোজিত সিনেমাগুলির মধ্যে এই সিনেমার ট্রেইলারই ইউটিউবে দেখা হয়েছে সবচেয়ে বেশি বার।

প্রধান দুই চরিত্র- আনাস্তাসিয়া স্টিল এবং তার ধর্ষকামী প্রেমিক ক্রিস্টিয়ান গ্রের ভুমিকায় দেখা যাবে ডাকোটা জনসন ও জেমি ডনর্ানকে। সিনেমার পরিচালক স্যাম টেইলর-জনসন ‘ফিফটি শেডস অফ গ্রে’কে বিবরণ দিয়েছেন, “রহস্যে ঘেরা অন্ধকার এক রূপকথা" হিসেবে যা বলা হয়েছে বড়দের জন্য।
 

যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি পাবে ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগের দিন।

৩. দ্য ভয়েসেস

রায়ান রেনল্ডস আর অ্যানা কেন্ড্রিকের অভিনয়ের সঙ্গে এই কমেডি ড্রামায় যুক্ত হয়েছে কথা বলা একটি বিড়াল এবং কুকুর। মাইকেল রে পেরির গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন ‘পার্সিপোলিস’ নির্মাতা মারহানে সাত্রেপি। মুক্তি পাবে ১২ই ফেব্রুয়ারি।

৪. ওয়াইল্ড টেলস

চলতি বছরের অস্কারে সেরা বিদেশি ভাষার সিনেমা হিসেবে মনোনীত ‘ওয়াইল্ড টেলস’-এ দেখা যাবে প্রতিশোধের ছয়টি গল্প, যার পরতে পরতে থাকছে হাস্যরসের মজুদ। আর্জেন্টাইন নির্মাতা ডেমিয়েন সিফ্রোনের এই সিনেমাটিকে বিবিসি আখ্যা দিয়েছে “দালির ছবির মতো পরাবাস্তবতার প্রেক্ষাপটে দমফাটানো হাসির ছবি।” সিনেমাটি মুক্তি পাবে ১৩ই ফেব্রুয়ারি।

৫. কিংসমেন: দ্য সিক্রেট সার্ভিস

‘কিক অ্যাস’ খ্যাত নির্মাতা ম্যাথু ভন তার এবারের সিনেমায় অস্কারজয়ী অভিনেতা কলিন ফার্থকে উপস্থাপন করেছেন এক ঠাণ্ডা মাথার গুপ্ত ঘাতক হিসেবে। ৫ই ফেব্রয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি তৈরি হয়েছে এক কমিক বইয়ের গল্প নিয়ে, যেখানে অভিজ্ঞ এক গোয়েন্দা তরুণদের নিয়ে গড়ে তোলে দুর্ধর্ষ গুপ্ত ঘাতকের এক নতুন দল।

৬. দ্য সেকেন্ড বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল

২০১১ সালের ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’-এর সিকুয়াল হিসেবে সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৬শে ফেব্রুয়ারি। নির্মাতা জন ম্যাডেনের নির্দেশনায় সিকুয়ালে যুক্ত হয়েছেন রিচার্ড গিয়ার। আগের পর্বের মতো থাকছেন জুডি ডেঞ্চ, ম্যাগি স্মিথ, সিলিয়া ইম্রি, বিল নাইয়ি, দেভ প্যাটেলরা। ভারতের জয়পুরে শুটিং হওয়া সিনেমাটিতে উঠে আসবে দেশটির সামাজিক প্রেক্ষাপট।

৭. প্রিডেস্টিনেশন

রহস্যের গোলকধাঁধার বাঁকে বাঁকে সাই-ফাই চমক- টাইম ট্রাভেলের গল্প নিয়ে অস্ট্রেলীয় নির্মাতা ভাতৃদ্বয় মাইকেল এবং পিটার স্পিরিগ তৈরি করেছেন এই সিনেমাটি। এবারের অস্কারে মনোনয়র পাওয়া সিনেমাটিতে ইথান হক এবং সারাহ স্নুকের অভিনয় জৌলুস বাড়িয়েছে আরও। জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রে মুক্তি পেলেও বিশ্বব্যাপি সিনেমাটি মুক্তি পাবে এ মাসে।