'হেরা ফেরি' নিয়ে ফিরছে অভিষেক-জন
'হেরা ফেরি' এবং 'ফির হেরা ফেরি'র সাফল্যের পর এবার আসছে 'হেরা ফেরি থ্রি'। এবারের পর্বে মূল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চন এবং জন আব্রাহামকে।
সম্প্রতি অভিষেক বলেন, "আমার মনে হয় 'হেরা ফেরি' ছিল হিন্দি চলচ্চিত্রের জন্য অন্য ধরনের একটি কমেডি। সিনেমাটি সফল হবার পর 'হেরি ফেরি টু'ও ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সিরিজে অভিনয়ের সুযোগ পেয়ে গর্বিত বোধ করছি আমি।"
ফিরোজ নাদিয়াদওয়ালার প্রযোজনায় 'হেরা ফেরি থ্রি'তে দেখা যাবে সিরিজের নিয়মিত দুই চরিত্র সুনিল শেঠি এবং পরেশ রাওয়ালকেও।
'ফির হেরা ফেরি'র পর আরও একবার পরিচালকের আসনে বসবেন নিরাজ ভোরা। জানালেন, 'ফির হেরা ফেরি'র কাহিনির ধারাবাহিকতা বজায় থাকবে এবারের পর্বে। সুনিল শেঠি এবং পরেশ রাওয়ালের উপস্থিতি নিশ্চিত করলেও আক্শায় কুমার থাকবেন কী না, তা এখনই জানাতে চান না নিরাজ।
তিনি বলেন, "এবারের পর্বে রাজুকে (আক্শায কুমার অভিনীত চরিত্র) দেখা যাবে কী না, তা আমি এখনই বলতে চাই না। জানতে হলে সবাইকে সিনেমাটি দেখতে হবে।"
প্রিয়দর্শনের পরিচালনায় 'হেরা ফেরি' মুক্তি পায় ২০০০ সালে। এতে আক্শায় কুমার, পরেশ রাওয়াল এবং সুনিল শেঠির সঙ্গে অভিনয় করেছিলেন টাবু। 'হেরা ফেরি'র ব্যাপক সাফল্যের পর ২০০৬ সালে নির্মিত হয় 'ফির হেরা ফেরি'।
এখনও নির্ধারিত হয়নি 'হেরা ফেরি থ্রি'র মুক্তির তারিখ, তবে চলতি বছরের মার্চে শুরু হবে এর শুটিং।
