২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার ‘গীতপঞ্চাশিকা’

জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া পঞ্চাশটি রবীন্দ্রসংগীতের সংকলন ‘গীতপঞ্চাশিকা’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। অ্যালবামে থাকছে প্রেম পর্যায়ের পঞ্চাশটি গান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 02:20 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

অ্যালবামটির প্রকাশক ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড চ্যানেল আই ভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে সোমবার দুপুরে।

প্রকাশনা অনুষ্ঠানে বন্যা বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম-বিরহ বিষয়ক সেরা ৫০ গানে নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আমি মনে করি, এটি রবীন্দ্রসংগীত ভক্তদের জন্য দারুণ এক সুসংবাদ। কারণ এ অ্যালবামের মাধ্যমে একসঙ্গে শ্রোতাপ্রিয় ৫০টি গান সংগ্রহ করতে পারবেন।”

অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদ ও সাদী মহম্মদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মঞ্চে শিল্পী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুর প্রমুখ।

এদিকে প্রকাশের অপেক্ষায় রয়েছে বন্যার গাওয়া আরও দুটি অ্যালবাম।

তিনি জানান, বিভিন্ন পর্যায়ের গান নিয়ে ‘আকাশভরা সূর্যতারা' অ্যালবামটি প্রকাশিত হবে প্রথমে। এরপর তার গাওয়া স্বামী বিবেকানন্দের পছন্দের রবীন্দ্রসংগীত সংকলন মার্চের পর প্রকাশিত হবে লন্ডনে।

লোকজ ধারার গানের সংকলন তৈরির কাজ পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

রংপুরে জন্ম নেওয়া বন্যার শিল্পীজীবনের শুরুটা পরিবারিক গণ্ডি থেকেই। এরপর ছায়ানট ও বুলবুল ললিতকলা একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এরপর মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকারের বৃত্তি পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে চলে যান শান্তিনিকেতনে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বন্যা গুরু-শিষ্য পরম্পরায় প্রশিক্ষণ পেয়েছেন নীলিমা সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুদীশ বন্দ্যোপাধ্যায়, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ প্রমূখ গুরুদের কাছ থেকে।

শিক্ষাজীবন শেষে কলকাতাতেই শুরু হয় তার শিল্পীজীবন। তার গাওয়া গান নিয়ে এদেশ-ওদেশ মিলিয়ে পঞ্চাশেরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য অ্যালবাম ‘রঙে রসে জাল বুনেছি’, ‘বিজল বাতায়নে’, ‘সুরের আশাখানি’, ‘মনের মাঝে যে গান বাজে’, ‘সুরের খেয়া’, ‘শ্রুতিগীতবিতান’ ইত্যাদি।

তার গাওয়া সর্বশেষ অ্যালবামটিও প্রকাশ করে ইমপ্রেস।