রকস্ট্রাটার কনসার্ট: এখানেই যেন শেষ না হয়
বাংলা মেটাল গানের পথ তৈরি করে দেওয়া ব্যান্ড ‘রকস্ট্রাটা’। পঁচিশ বছর আগে জন্ম নেওয়া ব্যান্ডটি ‘ঘোষিত’ শেষ কনসার্টে অংশ নিলো সম্প্রতি। যদিও শ্রোতাদের আবেদন ছিল, এখানেই যেন শেষ না হয়।
ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটের নবনির্মিত আধুনিক মিলনায়তনে ‘রকস্ট্রাটা: ওয়ান লাস্ট লাইভ’ কনসার্টটি শুরু হয় শুক্রবার সন্ধ্যায়।লাইভ স্কয়ারের ব্যবস্থাপনায় সন্ধ্যা সাতটায় মঞ্চে ওঠেন ব্যান্ডটির সদস্য ড্রামার মাহবুবুর রশীদ, গিটারিস্ট ইমরান হুসাইন ও মাঈনুল ইসলাম এবং বেইজিস্ট আরশাদ আমিন। তাদের সঙ্গী হন ‘পাওয়ার সার্জ’ ভোকালিস্ট জামসেদ চৌধুরী।
১৯৮৬ সালে গড়ে ওঠা ব্যান্ডটি শুরু থেকেই কাভার করতো আয়রন মেইডেন, লেড জেপলিন, ব্ল্যাক সাবাথ, পিংক ফ্লয়েডের মতো ব্যান্ডগুলো। নিজেদের নামেই প্রথম অ্যালবাম প্রকাশ করে ১৯৯০ সালে। তারও আগে থেকে মুশফিক আহমেদ, শোয়েব রহমান, বীরুদের হাই পিচ অথচ মেলোডিয়াস কণ্ঠের সঙ্গে ইমরান, মাঈনুলদের রিফের সমাসম, আরশাদের বেইজ আর সেই সঙ্গে বুলেট গতির ড্রামসে মাতোয়ারা হয়ে উঠত ঢাকা।
কিন্তু এ কনসার্টে দেখা মেলেনি বীরু, শোয়েব কিংবা মুশফিকের। যদিও স্টুডিও ভোকালিস্ট হিসেবে মুশফিক ‘রকস্ট্রাটা’ ও ‘নতুন স্বাদের খোঁজে’ অ্যালবাম দুটির সব কটি গানে কণ্ঠ দিয়েছেন।
১৯৯০ সালের অ্যালবাম প্রকাশের পরই ব্যান্ড সদস্যরা মূলত বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সঙ্গে আড়ালে চলে যান মুশফিক। সাম্প্রতিক সময়ে প্রকাশিত অ্যালবামের গানে কণ্ঠ দিলেও, শারীরিক সমস্যার কারণে অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠান থেকে শুরু করে প্রচারের নানা কাজেই অনুপস্থিত তিনি।
শেষ কনসার্টেও দেখা মেলেনি তার। তার জায়গায় রকস্ট্রাটার সেদিনের সঙ্গী শুধু জামশেদ নয়, আর্বোভাইরাস ভোকালিস্ট সুফি, রেডিও অ্যাক্টিভ ভোকালিস্ট পলাশ, ক্রিপটিক ফেইট ভোকালিস্ট শাকিব চৌধুরী ও আর্টসেল ভোকালিস্ট জর্জ লিংকন ডি কস্টা।
‘রকস্ট্রাটা’র পূর্বসূরী ‘ওয়ারফেইজ’। তাদের গিটারিস্ট ইব্রাহিম কমল রকস্ট্রাটার ঘনিষ্টদের একজন। কনসার্টে তিনিও এসেছিলেন। হাতের অস্ত্রোপচার সত্বেও তিনি যে ফুরিয়ে যাননি, তারও প্রমাণ দিলেন কনসার্টের শেষ গানে।
রকস্ট্রাটার পারফর্ম্যান্সের শুরুটা হলো জামশেদের কণ্ঠে ব্যান্ডের প্রথম অ্যালবামের গান ‘রক্তে ভেজা মাটি’ উপস্থাপনের মধ্য দিয়ে। এরপর তিনি গাইলেন দ্বিতীয় অ্যালবামের গান ‘গোপন কুঠুরি’ এবং আবারও প্রথম অ্যালবামের গান ‘নির্বাসনে’।
জামশেদের গাওয়া শেষ হতেই উঠলেন আর্বোভাইরাসের ভোকালিস্ট সূফি। তিনি গাইলেন প্রগ্রেসিভ মেটাল ধাঁচের গান ‘জোস্না রাঙ্গা এ আকাশ’, ‘বহু পথ ঘুরে’, ‘সামান্য দুঃস্বপ্ন’ ও ‘সুন্দর এই পৃথিবী’।
বয়সের সঙ্গে প্রতিভা যে ম্লান হয় না তারই প্রমাণ দিয়ে চমৎকার বেইজ বাজিয়েছেন আরশাদ। বয়স পঞ্চাশের কোঠায় হলেও উদ্দীপনার কোনো কমতি নেই তার। বেইজ বাজানোর পাশাপাশি ব্যাক ভোকালও দিচ্ছিলেন।
মাঈনুল এবং ইমরানও পুরোনো গানের প্রধান অংশগুলো একেবারেই ভাঙ্গেননি বরং সময়োপযোগী নতুন মাত্রা দিয়েছেন।
সূফির পর মঞ্চে ওঠেন রেডিও অ্যাকটিভ ভোকালিস্ট পলাশ। তিনি গাইলেন রকস্ট্রাটার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর তিনটি-- ‘মুক্তি দাও’, ‘সত্য লোক’, ‘কালো রাত’। এর মধ্যে ‘কালো রাত’ গানটিকে ‘রেকর্ডকৃত রক্তহিম করা চিৎকার’ মানা হতো সেসময়।
এরপরে মঞ্চে ওঠেন ক্রিপটিক ফেইট ভোকালিস্ট শাকিব। দর্শক মাতানোর বিরল এক প্রতিভা রয়েছে তার। গাইলেন ‘পাগলটা’, এরপর ‘শেষ রাত্রি’, ‘সাজানো বাগানে’ এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত গান ‘আর্তনাদ’, সেই সঙ্গে আইরন মেইডেনের ‘নাম্বার অফ দ্য বিস্ট’।
শাকিবের পর্ব শেষ হয়ে আরেক ভোকালিস্ট ওঠার আগে ভক্তদের ডাকে সাড়া দিতেই মাহবুব তার ড্রাম স্টিক দুটি নিয়ে খেলতে শুরু করলেন। নব্বইয়ের দশকে ডাবল বেজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মাহবুব সলো বাজালেন! স্নেয়ার, ডাবল কিক বেয়ে সিম্বলে গিয়ে তার সলো শেষ করলেন প্রায় দশ মিনিটে। এরপর মৃদুভাবে তার স্টিক ছুড়ে দিলেন দর্শক প্রান্তে।
এ পযায়েই কনসার্টের সমাপ্তি টানতে আর্টসেল ভোকালিস্ট লিংকন উঠলেন মঞ্চে। তিনি গাইলেন দ্বিতীয় অ্যালবামের টাইটেল গান ‘নতুন স্বাদের খোঁজে’, প্রথম অ্যালবামের জনপ্রিয় ‘নিউক্লিয়ার স্বাধীনতা’ এবং শেষটায় ‘অশান্তি’।
যেহেতু শেষ গান ‘অশান্তি’, তাই মঞ্চে উঠে এলেন পার্ফর্মারদের সবাই। এদিকে কিন্তু কমল, ইমরান, মাঈনুল লিড বাজিয়ে যাচ্ছেন। আর সুযোগ করে দিচ্ছেন আরশাদকেও।
রকস্ট্রাটার কনসার্ট দেশের মূলধারা ও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। ইমরানের মতে, এ সুযোগটি তৈরি হয়েছে আরশাদের কারনে।
মঞ্চে তিনি বললেন, “এ কনসার্টের কৃতিত্ব আরশাদের, তাই তোমরা যদি আবার কনসার্ট চাও তাহলে আরশাদকে পটাও।”
আরশাদ বললেন, “এটাই আমাদের শেষ কনসার্ট আশা করছি। তাই আমাদের এই শেষ কনসার্টটির অডিও, ভিডিও অ্যালবাম বের হবে, তা যেন সংগ্রহ করা হয়।”
কনসার্ট আয়োজনে সাফল্যের পরিচয় দিয়েছে ব্যবস্থাপক লাইভ স্কয়ার।
ব্যান্ডটি শেষবাবেরর মতো কনসার্ট করেন ১৯৯০ সালের জানুয়ারি মাসে, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে।
