২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে খাটলো না 'তেভার'-এর জোর

ব্যাপক প্রচার সত্বেও দর্শকের মনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে এ বছরের প্রথম বড় বাজেটের চলচ্চিত্র 'তেভার'। অর্জুন কাপুর এবং সোনাকশি সিনহা অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে মাত্র ৭ কোটি রুপি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 11:40 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ভারতজুড়ে তিন হাজার সিনেমাহলে মুক্তি পেয়েছিল 'তেভার'। আমির খানের 'পিকে'র পর 'তেভার'ই ছিল বড় বাজেটের সিনেমা যা তিন সপ্তাহের ব্যবধানে মুক্তি পেলো।

২০১৫ সালের প্রথম বড় বাজেটের সিনেমা হিসেবে 'তেভার'এর প্রতি দর্শকের আগ্রহ ছিল একটু বেশিই, কিন্তু বক্স অফিসে গড়পড়তা আয় করতেও পারেনি সিনেমাটি।

৫ জানুয়ারি মুক্তি পাওয়া 'তেভার' দেখতে হলে এসেছেন মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ দর্শক। 

অবশ্য আইবিটাইমস বলছে, অর্জুনের শেষ সিনেমা 'ফাইন্ডিং ফ্যানি'র চাইতে প্রথম দিনে বক্স-অফিসে বেশি আয় করেছে 'তেভার'। কিন্তু 'টু স্টেটস' এবং 'গুন্ডে'র ধারে কাছেও যেতে পারেনি সিনেমাটি।

অপরদিকে ২০১৪ সালে মুক্তি পেয়েছে সোনাক্শির তিনটি সিনেমা 'অ্যাকশন জ্যাকসন', 'হলিডে' এবং 'লিঙ্গা' - যার প্রত্যেকটির প্রথম দিনের সংগ্রহ ছিল 'তেভার'এর চেয়ে অনেক বেশি।

তবে বিশ্লেষকদের আশা, সপ্তাহ শেষে বাড়তে পারে দর্শক সমাগম।