দিপিকা, রানভির এবং ...
নতুন বছরে ভারতীয় তারকা জুটি দিপিকা পাড়ুকোন এবং রানভির সিংকে নিজেদের সম্পর্কের ব্যাপারে বেশ খোলামেলাই মনে হচ্ছে। সম্প্রতি দিপিকার পরিবারের সঙ্গে কেনাকাটা করতেও দেখা গেছে রানভিরকে।
এনডিটিভি বলছে, বছরের শুরুতেই ব্যাঙ্গালুরু শহরে দিপিকার পরিবারের সঙ্গে কেনাকাটা করার সময় ক্যামেরাবন্দী হন ‘রামলিলা’ তারকা, সঙ্গে ছিলেন দিপিকার মা এবং ছোটবোন।
ওদিকে টাইমস অফ ইন্ডিয়া বলছে, দিপিকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা রানভির আরও আগে থেকেই করছেন। ‘বাজিরাও মাস্তানি’র শুটিংয়ের ফাঁকে তিনি গিয়েছিলেন মালদ্বীপে, সেখানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন দিপিকা। ৫ জানুয়ারি দিপিকার জন্মদিনে তার সঙ্গে সময় কাটানোর জন্যেই মালদ্বীপ পাড়ি দেন রানভির।
ওখান থেকে দিপিকার পরিবারসহ রানভির চলে আসেন ব্যাঙ্গালুরুতে, এখনও একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা। টাইমস অফ ইন্ডিয়া আরও জানায়, জন্মদিনে দিপিকাকে লিমিটেড এডিশন একটি ডিজাইনার ব্যাগ উপহার দিয়েছেন রানভির।
সম্প্রতি ব্যাঙ্গালুরুর এক বিলাসবহুল শপিংমলে দিপিকার পরিবারের সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন রানভির। প্রত্যক্ষদর্শী একজন জানায়, হাতে হাত ধরেও নাকি হাঁটতে দেখা গেছে এই তারকা জুটিকে।
এই জুটির প্রেমের গুজব অনেকদিন ধরে শোনা গেলেও, এ বিষয়ে কেউ এখন পর্যন্ত মুখ খোলেননি।
জানুয়ারি মাসেই আবার একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’র শুটিং সেটে ফিরবেন দিপিকা-রানভির। সঞ্জয় লিলা বানসালি পরিচালিত এই পিরিয়ড ড্রামায় আরও থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া।
