২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫-এর প্রতীক্ষিত আট টিভি সিরিজ

২০১৪ ছোট পর্দার জন্য ছিল দারুণ একটি বছর। দর্শকপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা- দুটিই কুড়িয়েছে বছরের বেশ কিছু নতুন টিভি সিরিজ। ‘ট্রু ডিটেকটিভ’, ‘ফারগো’, ‘পেনি ড্রেডফুল’, ‘ইউটোপিয়া’র মত সিরিজগুলোর জয়জয়কার ছিল পুরো বছরজুড়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 01:23 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

২০১৫-এর শুরুতেই মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলোর ব্যস্ততা শুরু হয়েছে নতুন টিভি সিরিজগুলো নিয়ে। এমন আটটি প্রতীক্ষিত টিভি সিরিজের ব্যাপারে এবার জেনে নেওয়া যাক-

১. ব্যাটল ক্রিক (সিবিএস)

আদর্শিক দ্বন্দ্বের মুখেও অপরাধের রহস্য উন্মোচনে দুজন পুলিশ কর্মকর্তার জুটি বেঁধে কাজ করার গল্প টিভি সিরিজে নতুন কিছু নয়। তবে ‘ব্যাটল ক্রিক’-এর আকর্ষণ অন্যখানে। সিরিজটির নির্মাতারা যে ‘হাউজ’ খ্যাত ডেভিড শোর এবং ‘ব্রেকিং ব্যাড’ এর ভিন্স গিলিগান।

দুর্দান্ত দুই নির্মাতার মিলিত প্রচেষ্টার ফসল এই ‘ব্যাটল ক্রিক’ টিভি সিরিজটি। নিজেদের চারপাশ নিয়ে সম্পূর্ণ বিপরীত মানসিকতাধারী দুই গোয়েন্দার বিভিন্ন রহস্যের জট খোলার প্রেক্ষাপট নিয়েই এগুবে সিরিজটির গল্প। মিশিগানের ব্যাটল ক্রিকের নৈরাজ্যময় পরিস্থিতি সামাল দিতে এক সঙ্গেই দেখা যাবে এই দুই গোয়েন্দাকে। পয়লা মার্চ থেকে সিরিজটি প্রচারিত হবে সিবিএস-এ।

২. বেটার কল সল (এএমসি)

ভিন্স গিলিগানের জাদু ‘ব্রেকিং ব্যাড’ এই শেষ হয়নি, এ বছর তিনি নিয়ে আসছেন সিরিজটির প্রিকুয়াল ‘বেটার কল সল’। হাইজেনবার্গ জন্ম নেওয়ার আগের ঘটনাবলী নিয়েই এগুবে সিরিজটি, যেখানে মূল আকর্ষণ হিসেবে রয়েছে চাটুকার আইনজীবী সল গুডম্যান। অভিনেতা বব ওডেনকার্ক এর ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের জনপ্রিয়তাই যথেষ্ট নতুন এই টিভি সিরিজের প্রতি আগ্রহ তৈরির জন্য। এছাড়াও জোনাথন ব্যাঙ্কস অভিনীত মাইক এরম্যানট্রট চরিত্রটিও ফিরছেন সিরিজে।

চমক হিসেবে হয়তো এক ভিন্ন ওয়াল্টার হোয়াইটের দেখাও মিলতে পারে সিরিজে। ফেব্রুয়ারির আট তারিখ থেকে প্রচারিত হবে সিরিজটি।

৩. আইজম্বি (দ্য সিডাব্লিউ)

সিডাব্লিউ টেলিভিশন নেটওয়ার্কের বড় সাফল্যটি আসে গত বছরের সিরিজ ‘ফ্ল্যাশ’-এর মাধ্যমে। জনপ্রিয় ডিসি কমিক চরিত্রটির স্বতন্ত্র এই সিরিজ নজর কাড়ে কমিকভক্ত প্রতিটি দর্শকের।

২০১৫ তে আসছে ডিসি কমিকনির্ভর আরেকটি সিরিজ ‘আইজম্বি’। রোজ ম্যাককাইভার এখানে অভিনয় করেছেন এক ভয়ঙ্কর জম্বি হিসেবে, যে কাজ করে একটি হাসপাতালের মর্গে। নিজের বেঁচে থাকার জন্য সদ্যমৃত মানবদেহের মস্তিষ্কই তার একমাত্র অবলম্বন।

৪. মারভেলস এজেন্ট কার্টার (এবিসি)

‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের প্রথমটিতে এজেন্ট কার্টারের কথা মনে আছে? তীক্ষ্ণ বুদ্ধির সেই সুন্দরী এজেন্টকে নিয়েই এবার ডিজনি পিকচার্স এবং মারভেল  ছোট পর্দায় নিয়ে আসছে আস্ত একটি সিরিজ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের গল্প কার্টারকে ঘিরেই, যখন গোটা ‘শিল্ড’-এর দায়িত্ব একা কাঁধে তুলে নেন তিনি। অভিনেত্রী হিসেবে থাকছেন হেইলি ক্যাটওয়েলই, ‘ক্যাপ্টেন আমেরিকা’র প্রথম পর্বে যার সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা গেছে ক্রিস ইভান্সকে।

ক্যাপ্টেন আমেরিকার দুটি সিনেমা সহ মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যান্ট ম্যান’ সিনেমাতেও থাকবেন তিনি। ক্যাপ্টেন আমেরিকার অনুপস্থিতিতে বিশ্বযুদ্ধের ভয়াবহতা কিভাবে সামাল দেন কার্টার, সেটাই দেখা যাবে ‘মারভেলস এজেন্ট কার্টার’ মিনি সিরিজটিতে। সিরিজটি প্রচারিত হবে ৬ই জানুয়ারি থেকে।

৫. ওয়েস্টওয়ার্ল্ড (এইচবিও)

শয়তান; একটি বিনোদন কেন্দ্র; অ্যান্থনি হপকিন্স- রোমাঞ্চ জাগানোর জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই।  মাইকেল ক্রিচটন নির্মিত ১৯৭৩ সালের অনবদ্য সাই/ফাই থ্রিলার সিনেমা ‘ওয়েস্টওয়ার্ল্ড’ এবার ফিরছে টিভি পর্দায়। আর নির্মাতা হিসেবে রয়েছেন জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ভাই জোনাথন নোলান।

অদূর ভবিষ্যতের এক পার্কে জটিলতার ফলে সেখানে বসবাসরত রোবটদের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়। ক্ল্যাসিক এই সিনেমাটির টিভি অ্যাডাপ্টেশনে থাকছেন বড় বড় তারকাই। অ্যান্থনি হপকিন্স তো আছেনই, আরও যোগ দেবেন  এড হ্যারিস, জেফ্রি রাইট, ইভান রেইচেল উড, থান্ডি নিউটনের মত তারকারা। যদিও এইচবিও এখন পর্যন্ত সিরিজটির ব্যাপারে জানায়নি কিছুই, তবে সিরিজটি নিয়ে ভক্তমহলে আগ্রহের কমতি নেই এতটুকুও।

৬. দ্য অড কাপল (সিবিএস)

‘ফ্রেন্ডস’ খ্যাত ম্যাথু পেরিকে নতুন করে চেনানোর কিছু নেই। তবে ‘গো অন’ এবং ‘মি. সানশাইন’ নামে দুইটি মিনি টিভি সিরিজে অভিনয় করে আগের সেই সাফল্য ছুঁতে পারেননি তিনি। 

এবার তিনি ফিরছেন অভিনেতা থমাস লেননকে নিয়ে, অভিনয় করবেন সত্তরের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অড কাপল’ অবলম্বনে নির্মিত সিটকমে। এক সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকার অদ্ভুতুড়ে এবং হাস্যকর অভিজ্ঞতা নিয়ে এগোয় ফেলিক্স আঙ্গার এবং  অস্কার ম্যাডিসনের প্রতিটি দিন। ‘দ্য অড কাপল’ টিভি সিরিজটির কাহিনির সঙ্গে ভালই মানিয়ে যাবেন পেরি এবং লেনন- এমনটাই ধারণা ভক্তদের। সিবিএসে সিরিজটির প্রচার শুরু হবে ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে।

৭. আমেরিকান ক্রাইম (এবিসি)

ক্যালিফোর্নিয়ায় বসবাসরত এক দম্পতির খুন হওয়ার ঘটনার ওপর নির্ভর করে নির্মিত হয়েছে ‘আমেরিকান ক্রাইম’ টিভি সিরিজটি। সিরিজটি নিয়ে ছোট পর্দার দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছেন, কেননা ‘টুয়েলভ ইয়ারস অ্যা স্লেইভ’ এর চিত্রনাট্যকার জন রিডলি রয়েছেন সিরিজটির নির্মাতা হিসেবে। কলাকুশলীদের তালিকাটাও বেশ বড়। আছেন ‘ডেসপারেট হাউজওয়াইভস’ খ্যাত ফেলিসিটি হাফম্যান, টিমথি হাটন, রেজিনা কিং এবং লিলি টেইলর। অন্যান্য ক্রাইম থ্রিলার সিরিজের শক্ত প্রতিদ্বন্দ্বীই হতে যাচ্ছে ‘এবিসি’র এই সিরিজটির। প্রচারিত হবে মার্চের ৫ তারিখ থেকে।

৮. ব্যাবিলন (সানড্যান্স চ্যানেল)

বড়পর্দার অনেক নির্মাতাই বেশ আগ্রহ নিয়ে কাজ করেন ছোট পর্দার টিভি সিরিজে। এই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছেন ‘স্লামডগ ‍মিলিয়নেয়ার’ খ্যাত ড্যানি বয়েলও। সানড্যান্স চ্যানেলে আসছে তার নির্মিত টিভি সিরিজ ‘ব্যাবিলন’।

ব্রিটিশ পুলিশ ফোর্স কর্তৃক নিয়োগপ্রাপ্ত এক মার্কিন পিআর কর্মকর্তা এবং তাকে ঘিরে ঘটতে থাকা কর্মকাণ্ড নিয়ে এগুবে সিরিজের গল্প। এছাড়া পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের রেষারেষি, দ্বন্দ্ব, অবৈধ কার্যকলাপ এসব কিছু মিলেই এক দারুণ সিরিজের আশ্বাস মিলছে ‘ব্যাবিলন’ এর কাছ থেকে। মূল চরিত্রে থাকছেন অভিনেত্রী ব্রিট মারলিং, এছাড়াও থাকছেন জেমস নেসবিট এবং নিক ব্লাড। প্রচার শুরু হবে জানুয়রির আট তারিখ থেকে।