২০১৪ সালে হলিউডের সেরা দশ
সাই-ফাই থ্রিলার থেকে রোমান্টিক কমেডি; ডার্ক কমেডি থেকে সুপারহিরো অ্যাকশন থ্রিলার কিংবা সাইকোলজিকাল থ্রিলার থেকে নিও-নয়্যার ড্রামা - হলিউডের জন্য ২০১৪ ছিল বেশ বৈচিত্রপূর্ণ। তবে বড় তারকাসমৃদ্ধ বিগ বাজেটের সিনেমার পাশাপাশি দর্শকের মন কেড়েছে চিত্রনাট্যে নতুনত্ব এবং অভিনয়ে সজীবতার বিষয়টি।
গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের বিচারে বছরের সেরা দশটি সিনেমা নিয়ে এই আয়োজন।
নির্মাতা ড্যান গিলরয় অভিষেকেই বেছে নিয়েছেন একটি ক্রাইম থ্রিলার। নিও-নয়্যার ঘরানার এই সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে জেইক গিলেনহলের অসাধারণ অভিনয়। এর মধ্যেই নিজের পারফর্ম্যান্সের জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন বাগিয়ে নিয়েছেন ‘ব্রোকব্যাক মাউন্টেন’ খ্যাত এই অভিনেতা। অস্কারের দৌড়েও যে থাকছেন, সে ব্যাপারেও একরকম নিঃসন্দেহ সবাই।
‘সেভেন’, ‘ফাইট ক্লাব’, ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু'র মতো সাইকলজিকাল থ্রিলারের নির্মাতা ডেভিড ফিঞ্চার আবারও আসর মাত করলেন টানটান উত্তেজনার এই সিনেমাটি দিয়ে। জিলিয়ান ফ্লিনের উপন্যাস থেকে তৈরি এই সিনেমার গল্প ব্যর্থ এক দাম্পত্যের কাহিনি নিয়ে; যেখান থেকে ফিঞ্চার দর্শকদের নিয়ে যান বাঁকে বাঁকে রহস্যপূর্ণ অদ্ভুতুড়ে এক গোলকধাঁধায়। সিনেমার অন্যতম চরিত্রে রোজামন্ড পাইকের অভিনয়ও হয়েছে দারুণ প্রশংসিত।
কিছুটা দুর্বোধ্য, কিন্তু গতিশীল সায়েন্স ফিকশনের পরতে পরতে মানবিক আবেগ আর অস্তিত্ব রক্ষার আদি সংকটের সবই দারুণ দক্ষতায় উঠে এসেছে ‘ইন্টারস্টেলার’-এ। এই সময়ের অন্যতম প্রতিভাবান নির্মাতার তকমা পাওয়া ক্রিস্টোফার নোলান বরাবরই তার সিনেমা দিয়ে ভাবিয়ে তোলেন দর্শকদের; এবারও তার ব্যাতিক্রম হয়নি। নোলানের যারা ভক্ত, তারা একবাক্যেই বলবেন, এটিই তার ক্যারিয়ারসেরা সৃষ্টি। সেই সঙ্গে ম্যাথু ম্যাককনাহে, অ্যান হ্যাথওয়ে, মাইকেল কেইনদের অভিনয়ের যাদু তো আছেই।
চলতি বছরের অন্যতম বাণিজ্যিকভাবে সফল এই সিনেমাটিকে আর দশটা টিনএইজ রোমান্টিক ড্রামার কাতারে ফেলা যাবে না। গল্প এগিয়েছে দুই ক্যান্সারাক্রান্ত কিশোর-কিশোরীকে নিয়ে যারা। বিয়োগান্তক পরিণতি সত্বেও এই সিনেমা অন্য ক্যান্সার-ড্রামার গতানুগতিকতাকে পাশ কাটিয়েছে সফলভাবেই। সিনেমাটি দেখে দর্শকেরা যেমন কেঁদেছেন, তেমনি হাসতে হাসতে গড়িয়েও পড়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত গভীর আবেগময় সিনেমাটি তাই আগামী বেশ কয়েক বছর সেরা রোমান্টিক ড্রামা হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের সেরা অ্যানিমেটেড সিনেমা এটি। ডিজনির সর্বশেষ এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই মাত করেছে বক্স-অফিস। দারুণ ভিজ্যুয়াল ইফেক্ট, সহজ-সরল কিন্তু উপভোগ্য গল্প, চরিত্রগুলোর সঠিক চিত্রায়ণ- সবমিলিয়েই অ্যানিমেটেড সিনেমার এক আদর্শ উদাহারণ ‘বিগ হিরো সিক্স’। মানবিক আবেগসম্পন্ন নাদুস-নুদুস রোবট আর পাগলাটে কিন্তু দারুণ প্রতিভাবান কিশোর হিরোর গল্প তাই কেবল অ্যানিমেশনপ্রেমী নয় সবারই মন জয় করেছে।
‘মুনরাইজ কিংডম’কে এতদিন যারা ভাবতেন ওয়েস অ্যান্ডারসনের মাস্টারপিস, তাদেরকে ভুল প্রমাণ করতেই যেন চলতি বছর এই নির্মাতা নিয়ে এলেন ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। সিনেমার কেন্দ্রীয় চরিত্র গুস্তাভ এইচের অভিনয়েও অস্কারজয়ী র্যাল্ফ ফিয়েন্স প্রমাণ করলেন, কেবল গম্ভীর নয় হাস্যরসাত্মক চরিত্রেও তিনি অনবদ্য। সব মিলিয়ে আইএমডিবিতে আটের ওপরে রেটিং থাকা এই সিনেমা না দেখাটা চলচ্চিত্রপ্রেমীদের জন্য ক্ষমার অযোগ্য অপরাধের মধ্যেই পড়ে।
মার্ভেলের বড় বাজেটের সুপার হিরো সিনেমাগুলোর থেকে একেবারেই আলাদা এই বছরের অন্যতম ব্যবসাসফল এই সাই-ফাই কমেডি থ্রিলার। ছিঁচকে অপরাধী থেকে মহাবিশ্বের রক্ষাকর্তায় পরিণত হওয়া পাঁচ চরিত্রের গল্প বলে সিনেমাটি, যার পুরোটা জুড়েই রয়েছে বুদ্ধিদীপ্ত হাস্যরসের রসদ। ক্রিস প্র্যাট, জো সালডানা, ডেভ বাতিস্তাদের দল নিসন্দেহেই বিনোদন যুগিয়েছে সব শ্রেণীর দর্শকের।
শৈশব থেকে কৈশোর, এরপর তারুণ্যের শুরু - মেসন ইভান্স জুনিয়রের চোখ দিয়ে নির্মাতা রিচার্ড লিঙ্কলেটার যেন দেখিয়ে দিলেন মানব জীবনের সুখ, সংকট আর সম্পর্কের বিবর্তনের গল্পকেই। কামিং অফ এজ ঘরানার এই সিনেমা তৈরিতে লিঙ্কলেটার খরচ করেছেন এক যুগ। সিনেমাটি দেখার পর সমালোচকেরা এক বাক্যেই রায় দিয়েছেন, বৃথা যায়নি নির্মাতার এই প্রয়াস। অনেকেই একে বলছেন, কেবল এই বছর নয়, অতীতে কখনো ‘বয়হুড’-এর মতো সিনেমা তৈরি হয়নি । গোল্ডেন গ্লোবের মনোনয়নে এর মধ্যেই এগিয়ে থাকা সিনেমাটি এবার অস্কারের দৌড়েও থাকবে সামনের দিকেই- এমনটাই ভবিষ্যদ্বানী চলচ্চিত্রবোদ্ধোদের।
গোল্ডেন গ্লোবের ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা পরিচালক’ এবং ‘সেরা চিত্রনাট্য’সহ সাতটি মনোনয়ন ঝুলিতে পুরে ফেলাই প্রমাণ করে আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর এই সিনেমা কি ব্যাপক সাড়া ফেলেছে সমালোচক মহলে। ডার্ক কমেডি ঘরানার এই সিনেমায় মাইকেল কিটন, এমা স্টোন এবং এডওয়ার্ড নর্টনের অভিনয়ও বিবেচিত হচ্ছে তাদের ক্যারিয়ারসেরা হিসেবে।
চলতি বছর ‘প্ল্যানেট অফ দ্য এইপস’, ‘এক্স-মেন’, ‘অ্যামেইজিং স্পাইডারম্যান’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘ট্রান্সফরমার্স’-এর মতো অনেকগুলি সফল ফ্র্যাঞ্চাইজিই মুক্তি দিয়েছে তাদের নতুন সিকুয়াল। তবে বছরশেষে বলতেই হচ্ছে এদের সবার মধ্যে পুরোপুরি ভিন্ন স্বাদের সিকুয়াল উপহার দিয়ে গুণগত দিক থেকে শীর্ষস্থানটি দখলে নিয়েছে ‘হাঙ্গার গেইমস’ সিরিজের ‘মকিংজে পার্ট ওয়ান’। সিরিজের প্রোটাগনিস্ট ক্যাটনিস এভারডিনের বেশে জেনিফার লরেন্স আবারও প্রমাণ করেছেন অভিনেত্রী হিসেবে তার শক্তি। সেই সঙ্গে জুলিয়ান মুর আর প্রয়াত অভিনেতা ফিলিপ সিমোর হফম্যানের অভিনয় ছিল বাড়তি পাওয়া। মোদ্দা কথা, 'মকিংজে পার্ট টু'কে আগামী বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র পরিণত করেছে এই সিনেমাটি।
