নিরামিষভোজী সবচেয়ে ‘আবেদনময়’ তারকা মোদি
প্রাণী অধিকার সংগঠন পিপল ফর দ্য এথিকাল অফ অ্যানিম্যালস (পেটা) যৌন আবেদনের ভিত্তিতে নিরামিষভোজী তারকাদের একটি তালিকা তৈরী করেছে। পুরুষদের মধ্যে এই তালিকার শীর্ষে আছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর অভিনেত্রী রেখা আছেন নারী তারকাদের মধ্যে শীর্ষে।
এ বিষয়ে রেখা বলেন, “আমি জীবনের বেশীরভাগ সময় একজন নিরামিষভোজী হিসেবেই কাটিয়েছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, নিরামিষ খাবার গ্রহণ আপনার জীবন এবং দৃষ্টিভঙ্গী বদলে দিতে পারে।”
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, পিছিয়ে নেই নরেন্দ্র মোদিও। সুস্থ থাকার জন্য যোগব্যায়াম করার পাশাপাশি নিয়মিত নিরামিষ খাবার খান তিনি। এমনকি বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের সময়ও এই অভ্যাস বজায় রাখেন মোদি।
পেটা ইন্ডিয়ার প্রধান নির্বাহী পুর্ভা জশিপুরা বলেন, “রেখা এবং প্রধানমন্ত্রী মোদির এই অভ্যাস অনেক ব্যক্তিকে মাংস ছেড়ে নিরামিষ খাবারে অভ্যস্ত হতে উৎসাহিত করেছে। এই দুজন প্রমাণ করেছেন যে প্রাণীদের প্রতি উদারতার চাইতে বড় আর কিছু নেই।”
নিরামিষভোজী তারকাদের এই তালিকায় আরও ছিলেন কাঙ্গানা রানাওয়াত, আর মাধভান, জ্যাকুলিন ফারনান্দেজ, শাহিদ কাপুর, অমিতাভ বচ্চন এবং হেমা মালিনির মত শিল্পীরা।
এক বিবৃতিতে বলা হয়, ভক্তদের ভোটে প্রতিযোগীদের মধ্য থেকে জয়ী হয়েছেন রেখা এবং মোদি।
