দর্শকের কাছে ফিরতে চান কেয়া
বির্তককে পেছনে ফেলে নতুন পথে হাঁটতে চাইছেন আলোচিত চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। খুব শিগগিরই আবার সেলুলয়েডে ফিরছেন তিনি।
‘কঠিন বাস্তব’, ‘তুমি কি সেই’, ‘রাজধানীর রাজা’র মতো সিনেমায় অভিনয় করা কেয়া মডেলিং এও সফলতা পেয়েছেন। ঢাকাই সিনেমায় নিজের একটা জায়গা তৈরি করে নিতে পেরেছিলেন। এরপর বিয়ে, বিচ্ছেদ আর তারপর নিজ বাসা থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
এখন অনেকটাই সামলে উঠেছেন একসময়ের এই নায়িকা। আবার ফিরতে চান অভিনয়ে, “আমার পুনর্জন্ম হয়েছে। আমি নতুন করে বাঁচতে চাই। আবারও ফিরতে চাই দর্শকের কাছে। দর্শকের ভালোবাসায় আবার নতুনরূপে হাজির হব আমি।”
কেয়া এখন অভিনয় করছেন সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ সিনেমাতে। নতুন প্রজন্মের নায়ক সায়মনের বিপরীতে দেখা যাবে।
সিনেমার সেটে কেয়ার সঙ্গে কথা হয় গ্লিটজের। বললেন, “অনেকদিন পর বাণিজ্যিক চলচ্চিত্রে ফিরেছি। পরিচালক সাফিউদ্দিন সাফি আমাকে দারুণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। বিপরীতে আছে সায়মন। চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে পারি যে এটি বেশ মজার এক চরিত্র। এক প্রেমিকার হাসি-কান্না সবকিছুই ফুটে উঠবে আমার চরিত্রের মাধ্যমে।”
সহ-অভিনেতা সায়মন প্রসঙ্গে বললেন, “সায়মনের কোনো সিনেমা দেখা না হলেও তার অভিনীত সিনেমাগুলোর গান দেখেছি। ও ভীষণ রোমান্টিক একজন অভিনেতা। আর সহ-অভিনেতা হিসেবেও সে দারুণ। তার সঙ্গে যতগুলো সিকোয়েন্সের শুটিং হয়েছে, ভীষণ সহযোগিতা করেছে আমাকে।”
কেয়া শেষ পর্দায় আবির্ভূত হন রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনি’ সিনেমায়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অফবিটের এ সিনেমায় কেয়া অভিনয় করেছিলেন নামভূমিকায়।
ছবি--- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আরও জানালেন, নিয়মিত অভিনয় করতে চাইলেও মনের মতো গল্প না পাওয়ায় তা হয়ে উঠছেনা।
ঠিক কেমন চরিত্রকে প্রাধান্য দেবেন এমন প্রশ্নে কেয়া বললেন, “আমি সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চাই। তবে দেখবো আমার অভিনয়ের জায়গা কতটুকু।”
‘ব্ল্যাকমানি’ ছাড়াও কেয়া সায়মনের সঙ্গে ‘মন শুধু তোমারই’ নামে আরেকটি সিনেমাতে অভিনয় করছেন। এর পরিচালক শাহীন সুমন। এছাড়াও বেশকটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হয়নি বলে সেসব সিনেমা নিয়ে কথা বলতে চাননি তিনি।
২০০১ সালে রিয়াজ ও আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন কেয়া।
