হাসান আজিজুল হকের 'খাঁচা' নিয়ে সিনেমা
হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্পটি এবার চলচ্চিত্রে রূপ দিতে যাচ্ছে পরিচালক আকরাম খান। আকরাম খান ও আজাদ আবুল কালামের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটির নামও থাকছে ‘খাঁচা’।
পরিচালক আকরাম খান এ সিনেমার জন্য ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলেন। মাঝে ‘ঘাসফুল’ নামে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ায় এ সিনেমাটির কাজ থেমে ছিল।
সিনেমাটি নিয়ে পরিচালক বলেন, “ এ দেশে মধ্যবিত্ত পরিবারের অনেকেই ভাবেন বিদেশবিঁভুইয়ে থিতু হতে পারলে জীবনযাত্রার মান বদলে যাবে। তারা স্বপ্ন বুনতে শুরু করেন। অনেক চেষ্টা তদবিরও করেন। কিন্তু সবাই কি বিদেশ যেতে পারে! বিদেশে গেলেই কি জীবন পাল্টে যায়? এমন সব প্রশ্নের মুখোমুখি হয়ে আমি এ সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করি।”
‘খাঁচা’ সিনেমার মুখ্য চরিত্র অম্বুজাক্ষ। ১৯৪৭ সালে দেশভাগের পর অনেক হিন্দু পরিবার ভারতে পাড়ি জমাতে শুরু করে। অম্বুজাক্ষও তেমনই প্রস্তুতি নিচ্ছিলেন। ভারতের তিনটি মুসলমান পরিবার তাদের বাড়িটি কিনতে আসে। কিন্তু শেষ পযর্ন্ত বিক্রি হয় না অম্বুজাক্ষদের বাড়িটি। টোলে পড়ানোর বংশানুক্রমিক পেশা বাদ দিয়ে অম্বুজাক্ষ হোমিওপ্যাথি শুরু করেন। ধীরে ধীরে তার স্বপ্নগুলো ফিঁকে হয়ে আসতে থাকে।
এদিকে আকরামের প্রথম সিনেমা ‘ঘাসফুল’ কিছুদিনের মধ্যেই জমা পড়বে সেন্সর বোর্ডে। ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমাতে অভিনয় করেছেন নতুন মুখ সায়লা সাবি, কাজী আসিফ রহমান ও তানিয়া বৃষ্টি।
ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমার প্রিমিয়ার চ্যানেল আইয়ে হচ্ছে না বলে সাফ জানিয়ে দিলেন পরিচালক। বলছেন, সিনেমাটি তিনি বিভাগীয় শহরগুলোর বিভিন্ন হলে মুক্তি দিতে চান।
“আমি চাই সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা পাক। সিনেমার পরিবেশনা নিয়ে ইতোমধ্যে আমার মনোভাবের কথা আমি ইমপ্রেসকে জানিয়েছি। নিশ্চিত থাকুন, আমার সিনেমাটি মুক্তির সঙ্গেই সঙ্গেই টিভিতে প্রচারিত হবে না।”
