২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাসফুলের শুটিং শুরু

নাট্যনির্মাতা আকরাম খানের প্রথম চলচ্চিত্র ‘ঘাসফুল’-এর শুটিং শুরু হয়েছে টাঙ্গাইল শহরে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 04:13 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগত তানিয়া আক্তার বৃষ্টি, কাজী আসিফ রহমান, শায়লা সাবি ও নাজকাত খান। আরও অভিনয় করছেন নায়লা আজাদ নূপুর, মানস বন্দ্যোপাধ্যায়, শিরিন আলম, হাসান জাহিদসহ অনেকে।

এতে সংগীত পরিচালনা করছেন সানি জোবায়ের। ভিডিওগ্রাফি করছেন কাসেপ শাহবাজি।

সিনেমাতে দেখা যাবে এনকেফেলাইটিস রোগ থেকে সেরে উঠলেও বাইশ বছর বয়সী তৌকির স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। ছেলেটির মা কলেজশিক্ষক নাজনীন হায়দার ও বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক হায়দার হোসেন একমাত্র ছেলেকে নিয়ে চিন্তিত। মফস্বল শহরের রাস্তা ঘাট আর প্রাকৃতিক পরিবেশে একমাত্র ঘনিষ্ঠ বন্ধু নাফিজের সঙ্গে কৌতুহল নিয়ে ঘুরে বেড়ায় তৌকির। একদিন নাফিজের সঙ্গে বাইরে যাওয়ার সময় তৌকির পুরনো জিন্স প্যান্ট পরে। হাঁটতে হাঁটতে প্যান্টের পকেটে হাত দিয়ে সে একটা চিঠি পায়। এই বিবর্ণ চিঠি তৌকিরকে তার জীবনের এক ভয়াবহ সত্যের মুখে দাঁড় করিয়ে দেয়।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির প্রধান সহকারী পরিচালক রামিন রহমান গ্লিটজকে জানান, টাঙ্গাইলে ১৫ নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত টাঙ্গাইল ও আশপাশের এলাকায় সম্পূর্ণ সিনেমার শুটিং হবে।

১৬ নভেম্বর ঈশ্বরদির পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় সিনেমার প্রথম দৃশ্য শুটিং হয়েছে। এতে অংশ নিয়েছেন তানিয়া, আসিফ ও নাজাকাত। ১৭ নভেম্বর ইউনিটের সঙ্গে যোগ দেবেন ইকবাল হোসেন।